সমতা, মানবিক মর্যাদা ও সামাজিক পরিবর্তনে ইতিবাচক ভূমিকা রাখা জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা, নাটক ও বিজ্ঞাপনকে স্বীকৃতি দিতে ‘সমতায় তারুণ্য মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৬’-এর আবেদন গ্রহণ চলছে। আবেদন জমা দেয়ার শেষ সময় আগামী ১০ সেপ্টেম্বর।
নেদারল্যান্ডস সরকারের সহযোগিতায় প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ ও জাগো ফাউন্ডেশন ট্রাস্ট যৌথভাবে এ অ্যাওয়ার্ডের আয়োজন করছে।
আয়োজকরা জানান, ‘সমতায় তারুণ্য: ইয়ুথ ফর ইকুয়ালিটি’ প্রকল্পের উদ্যোগে গত বছর আয়োজিত গণমাধ্যম পুরস্কারের সাফল্যের ধারাবাহিকতায় এবার আরও বিস্তৃত পরিসরে এ আয়োজন করা হচ্ছে। জেন্ডার-সংবেদনশীল ও সামাজিকভাবে দায়িত্বশীল সাংবাদিকতা এবং সৃজনশীল কনটেন্টকে এ পুরস্কারের মাধ্যমে স্বীকৃতি দেয়া হবে।
এবার মোট আটটি বিভাগে পুরস্কার দেয়া হবে। এর মধ্যে সংবাদপত্র প্রতিবেদন বিভাগে স্থানীয় ও জাতীয়—দুটি ক্যাটাগরি, টেলিভিশন প্রতিবেদন, অনলাইন নিউজ পোর্টাল, বিনোদন প্রতিবেদন বিভাগে স্থানীয় ও জাতীয়—দুটি ক্যাটাগরি, বিনোদন কনটেন্ট (নাটক) এবং বিজ্ঞাপন (টিভিসি, ওভিসি ও সামাজিক যোগাযোগমাধ্যম) রয়েছে।
আয়োজকদের পক্ষ থেকে বলা হয়েছে, গণমাধ্যম ও সৃজনশীল কনটেন্টে যুব, নারী, পুরুষ, প্রতিবন্ধী ব্যক্তি, আদিবাসীসহ বিভিন্ন জনগোষ্ঠীর জীবন, অধিকার ও অভিজ্ঞতাকে মর্যাদাপূর্ণ, অন্তর্ভুক্তিমূলক ও বৈষম্যহীনভাবে তুলে ধরার চর্চাকে উৎসাহিত করাই এ আয়োজনের অন্যতম লক্ষ্য। পাশাপাশি জেন্ডার সমতা, মানবিক মর্যাদা ও ইতিবাচক সামাজিক পরিবর্তনে অবদান রাখা সাংবাদিক, গণমাধ্যমকর্মী ও কনটেন্ট নির্মাতাদের জাতীয়ভাবে স্বীকৃতি দেয়ার উদ্যোগ নেয়া হয়েছে।
২০২৫ সালের ১ জুলাই থেকে ২০২৬ সালের ৩১ জুলাইয়ের মধ্যে প্রকাশিত বা প্রচারিত কাজের জন্য সাংবাদিক, গণমাধ্যমকর্মী, নির্মাতা ও সৃজনশীল পেশাজীবীরা আবেদন করতে পারবেন। আবেদনকারীদের নির্ধারিত নিয়ম অনুসরণ করে প্রয়োজনীয় তথ্য ও কনটেন্ট জমা দিতে হবে।
আয়োজকরা মনে করেন, সমাজের দৃষ্টিভঙ্গি ও মূল্যবোধ গঠনে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই সংবাদ, বিনোদন ও বিজ্ঞাপনে জেন্ডার বিষয়ে দায়িত্বশীল ভাষা, মানবিক উপস্থাপন এবং বৈষম্যহীন দৃষ্টিভঙ্গিকে উৎসাহিত করাই এ পুরস্কারের মূল উদ্দেশ্য।
আবেদনের বিস্তারিত নিয়ম, যোগ্যতা ও নির্দেশনা জানা যাবে অ্যাওয়ার্ডের ওয়েবসাইটে। বিস্তারিত তথ্য ও আবেদন করা যাবে shomotaytarunno.com-এ।



