বেপজা অর্থনৈতিক অঞ্চলে জুতা কারখানায় বিনিয়োগ করবে ডেল্টাপোর্ট

‘কারখানাটি উৎপাদনে গেলে ৪৬৮ জনের কর্মসংস্থান হবে। বছরে প্রায় ৩০ লাখ জোড়া ইনজেক্টেড, সিমেন্টেড, ক্যাজুয়াল, ফরমাল, লেডিস ও সেফটি জুতা উৎপাদিত হবে। এসব পণ্য ইতালি, যুক্তরাজ্যসহ ইউরোপের বিভিন্ন দেশ, যুক্তরাষ্ট্র ও কলম্বিয়ায় রফতানি করা হবে। প্রতিষ্ঠানটির সম্ভাব্য বার্ষিক রফতানি আয় তিন কোটি ৭৫ লাখ (৩৭ দশমিক পাঁচ মিলিয়ন) মার্কিন ডলার।

নয়া দিগন্ত অনলাইন
বেপজা
বেপজা |সংগৃহীত

চট্টগ্রামের মীরসরাইয়ে অবস্থিত বেপজা অর্থনৈতিক অঞ্চলে জুতা উৎপাদন কারখানা স্থাপনে দুই কোটি ১৬ লাখ (২১ দশমিক ৬০ মিলিয়ন) মার্কিন ডলার বিনিয়োগ করবে ইতালি ও আয়ারল্যান্ডের যৌথ মালিকানাধীন প্রতিষ্ঠান ডেল্টাপোর্ট ফুটওয়্যার লিমিটেড। এ লক্ষ্যে বাংলাদেশ রফতানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) সাথে প্রতিষ্ঠানটির ভূমি ইজারা চুক্তি হয়েছে।

মঙ্গলবার (৩০ জুন) ঢাকার বেপজা কমপ্লেক্সে চুক্তিতে বেপজার পক্ষে নির্বাহী পরিচালক (বিনিয়োগ উন্নয়ন) মো: তানভীর হোসেন এবং ডেল্টাপোর্ট ফুটওয়্যারের প্রধান নির্বাহী কর্মকর্তা জুনায়েদ ইকবাল উমরানি সই করেন। অনুষ্ঠানে বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন উপস্থিত ছিলেন।

বেপজা জানায়, কারখানাটি উৎপাদনে গেলে ৪৬৮ জনের কর্মসংস্থান হবে। বছরে প্রায় ৩০ লাখ জোড়া ইনজেক্টেড, সিমেন্টেড, ক্যাজুয়াল, ফরমাল, লেডিস ও সেফটি জুতা উৎপাদিত হবে। এসব পণ্য ইতালি, যুক্তরাজ্যসহ ইউরোপের বিভিন্ন দেশ, যুক্তরাষ্ট্র ও কলম্বিয়ায় রফতানি করা হবে। প্রতিষ্ঠানটির সম্ভাব্য বার্ষিক রফতানি আয় তিন কোটি ৭৫ লাখ (৩৭ দশমিক পাঁচ মিলিয়ন) মার্কিন ডলার।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বেপজার নির্বাহী চেয়ারম্যান মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন বলেন, বিনিয়োগকারীদের জন্য ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে বেপজা অবকাঠামো ও সেবার মান উন্নয়নে কাজ করছে। তার মতে, নতুন এ বিনিয়োগ রফতানি বৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টিতে ভূমিকা রাখবে।

জুনায়েদ ইকবাল উমরানি বলেন, বাংলাদেশে এটি তাদের তৃতীয় বিনিয়োগ এবং তিনটিই বেপজার আওতাধীন এলাকায়। ভারত ও ভিয়েতনামসহ বিভিন্ন দেশের সম্ভাবনা মূল্যায়নের পর বিনিয়োগবান্ধব পরিবেশ ও বেপজার সেবার অভিজ্ঞতার কারণে বাংলাদেশকেই সম্প্রসারণের জন্য বেছে নিয়েছে প্রতিষ্ঠানটি।

অনুষ্ঠানে বেপজার সদস্য (প্রকৌশল) আবদুল্লাহ আল মামুন, সদস্য (অর্থ) আ ন ম ফয়জুল হক, নির্বাহী পরিচালক (প্রশাসন) সমীর বিশ্বাস, নির্বাহী পরিচালক (জনসংযোগ) এ এস এম আনোয়ার পারভেজসহ বেপজার ঊর্ধ্বতন কর্মকর্তা এবং ডেল্টাপোর্ট ফুটওয়্যারের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বাসস