ঈশ্বরদীতে পারমাণবিক জ্বালানি বিষয়ে উচ্চ পর্যায়ের রাউন্ডটেবিল বৈঠক

প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, দেশের অর্থনীতি ও শিল্পায়নের বিকাশের সাথে জ্বালানির চাহিদাও ক্রমাগত বাড়ছে। নির্ভরযোগ্য, সাশ্রয়ী ও টেকসই জ্বালানি নিশ্চিত করতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র একটি যুগান্তকারী মাইলফলক হিসেবে কাজ করবে।

নিজস্ব প্রতিবেদক
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব ফকির মাহবুব আনাম, এমপি
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব ফকির মাহবুব আনাম, এমপি |নয়া দিগন্ত

বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ কর্মসূচির দীর্ঘমেয়াদি উন্নয়ন, সুশাসন, নীতিগত প্রস্তুতি ও জাতীয় পর্যায়ে অংশীজনদের সম্পৃক্ততা জোরদারের লক্ষ্যে পাবনার ঈশ্বরদীতে দুই দিনব্যাপী উচ্চপর্যায়ের কৌশলগত রাউন্ডটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

‘হাই-লেভেল স্ট্র্যাটেজিক রাউন্ডটেবিল ডিসকাশন অন নিউক্লিয়ার অ্যানার্জি : স্ট্র্যাটেজি, রিয়েলিটিজ অ্যান্ড বাংলাদেশ’স পাথ ফরওয়ার্ড’-শীর্ষক এ বৈঠক ১২-১৩ জুন ঈশ্বরদীর জয়নগরস্থ স্বপ্নদ্বীপ রিসোর্টে অনুষ্ঠিত হয়।

আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ)’র সহায়তায় বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন (বাপশক) এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম, এমপি। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন মন্ত্রণালয়ের সচিব মো: আনোয়ার হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, দেশের অর্থনীতি ও শিল্পায়নের বিকাশের সাথে জ্বালানির চাহিদাও ক্রমাগত বাড়ছে। নির্ভরযোগ্য, সাশ্রয়ী ও টেকসই জ্বালানি নিশ্চিত করতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র একটি যুগান্তকারী মাইলফলক হিসেবে কাজ করবে।

তিনি আরো বলেন, গত ২৮ এপ্রিল রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে পারমাণবিক জ্বালানি লোডিংয়ের মাধ্যমে বাংলাদেশ একটি ঐতিহাসিক মাইলফলক অর্জন করেছে। বর্তমানে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন করে আগামী আগস্টের শেষ দিকে কেন্দ্রটির প্রথম ইউনিট থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে বলে আশা করা হচ্ছে। এছাড়া ২০২৭ সালের এপ্রিল মাসে দ্বিতীয় ইউনিটে পারমাণবিক জ্বালানি লোডিং সম্পন্ন হবে।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী বলেন, একটি সফল পারমাণবিক কর্মসূচির অন্যতম প্রধান ভিত্তি হলো জনগণের আস্থা। পারমাণবিক শক্তির গুরুত্ব, নিরাপত্তা ব্যবস্থা ও ঝুঁকি ব্যবস্থাপনা সম্পর্কে জনগণকে অবহিত করতে নিরবচ্ছিন্ন সম্পৃক্ততা, উন্মুক্ত যোগাযোগ ও দায়িত্বশীল নেতৃত্ব প্রয়োজন।

এ সময় ফকির মাহবুব আনাম বাংলাদেশের পারমাণবিক কর্মসূচির উন্নয়নে প্রযুক্তিগত সহায়তা, বিশেষজ্ঞ নির্দেশনা ও সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদানের জন্য আইএইএ’র প্রতি কৃতজ্ঞতা জানান।

দুই দিনব্যাপী এ রাউন্ডটেবিল বৈঠকে বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ কর্মসূচির বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ সম্ভাবনা, বৈশ্বিক পারমাণবিক জ্বালানি প্রবণতা, আইনগত ও নিয়ন্ত্রক কাঠামো, পারমাণবিক নিরাপত্তা সংস্কৃতি, জনসম্পৃক্ততা ও পারমাণবিক শিল্পে দেশীয় অংশগ্রহণ বৃদ্ধির কৌশল নিয়ে আলোচনা হয়।

সেমিনারে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান ড. এম মঈনুল ইসলাম পারমাণবিক বিদ্যুৎ বিষয়ে পাওয়ার পয়েন্ট উপস্থাপনা করেন।

এ সময় বক্তব্য রাখেন আইএইএ’র নিউক্লিয়ার ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট সেকশনের টেকনিক্যাল লিড মেহমেত জেইহান।

অনুষ্ঠানে পাবনা-৪ আসনের সংসদ সদস্য আবু তালেব ম-ল, পাবনা-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সেলিম রেজা হাবিব ও পাবনা জেলা বিএনপি’র আহ্বায়ক হাবিবুর রহমান হাবিবসহ রাজনৈতিক, ব্যবসায়ী ও পেশাজীবী প্রতিনিধিরা বক্তব্য দেন।

রাউন্ডটেবিল আলোচনায় বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা, বাপশক ও বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (বিএইআরএ) প্রতিনিধি, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের সংশ্লিষ্ট কর্মকর্তা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক, শিল্পখাতের প্রতিনিধি, নিরাপত্তা বাহিনীর সদস্য ও গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন।