পরিবেশবান্ধব ও টেকসই শিল্পায়নের লক্ষ্যে বাংলাদেশ রফতানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা) তার অধীনস্থ জোনগুলোতে বৃক্ষরোপণ কর্মসূচির সূচনা করেছে।
বুধবার (১ জুলাই) ঢাকা ইপিজেড সফরকালে বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন একটি বকুল গাছের চারা রোপণের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করেন।
এ উদ্যোগ বর্তমান সরকারের দেশব্যাপী আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের অঙ্গীকারের সাথে সামঞ্জস্যপূর্ণ। একইসাথে এটি বেপজার ডিকার্বোনাইজেশন, সবুজ শিল্পাঞ্চল গড়ে তোলা এবং টেকসই শিল্প উন্নয়ন নিশ্চিত করার ধারাবাহিক প্রচেষ্টার অংশ।
পর্যায়ক্রমে বেপজার সকল ইপিজেড ও অর্থনৈতিক অঞ্চলে বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হবে। শিল্পায়ন ও পরিবেশ সংরক্ষণকে সমান গুরুত্ব দিয়ে বেপজা একটি সবুজ, পরিচ্ছন্ন ও জলবায়ু-সহনশীল শিল্প পরিবেশ গড়ে তুলতে নিরলস কাজ করে যাচ্ছে। বাসস



