কর নথি (ফাইল) অডিটের নামে প্রতারণার চেষ্টা থেকে সতর্ক থাকতে করদাতাদের প্রতি আহ্বান জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। একইসাথে অডিট থেকে অব্যাহতির আশ্বাস বা আইনি জটিলতার ভয় দেখিয়ে অর্থ দাবি করা প্রতারকদের বিষয়েও সচেতন থাকার পরামর্শ দিয়েছে সংস্থাটি।
রোববার এক সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে এনবিআর জানিয়েছে, সম্প্রতি একটি প্রতারক চক্র কর নথি অডিটে পড়েছে বলে দাবি করে করদাতাদের সাথে বিভিন্ন মোবাইল ফোন নম্বর থেকে যোগাযোগ করছে। তারা অডিট থেকে অব্যাহতির আশ্বাস দিয়ে অথবা আইনি জটিলতার ভয় দেখিয়ে অবৈধভাবে অর্থ আদায়ের চেষ্টা করছে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে যে কর নথি অডিট সংক্রান্ত বিষয়ে তাদের কোনো কর্মকর্তা বা কর্মচারী ব্যক্তিগত মোবাইল ফোন নম্বর বা অননুমোদিত মাধ্যমে করদাতাদের সাথে যোগাযোগ করেন না। কারণ কোনো কর নথি অডিটের জন্য নির্বাচিত হলে আইন অনুযায়ী শুধুমাত্র আনুষ্ঠানিক লিখিত নোটিশের মাধ্যমেই সংশ্লিষ্ট করদাতাকে তা জানানো হয়।
এছাড়া, কর-সংক্রান্ত যেকোনো বকেয়া কর বা ফি শুধুমাত্র সরকারি চালানের মাধ্যমে রাষ্ট্রীয় কোষাগারে জমা দিতে হয়। কোনো কর্মকর্তা বা ব্যক্তি ব্যক্তিগতভাবে কিংবা বিকাশ, রকেট, নগদ বা অন্য কোনো মোবাইল ব্যাংকিং সেবা অথবা ব্যক্তিগত ব্যাংক হিসাবের মাধ্যমে অর্থ গ্রহণের এখতিয়ার রাখেন না।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এ ধরনের সন্দেহজনক ফোনকল, ক্ষুদে বার্তা (এসএমএস) বা ই-মেইল পেলে বিভ্রান্ত না হয়ে সংশ্লিষ্ট কর অঞ্চলের উপকর কমিশনারের কার্যালয়ে যোগাযোগ করে তথ্যের সত্যতা যাচাই করতে হবে।
এছাড়াও কেউ এনবিআরের কর্মকর্তা পরিচয়ে অর্থ দাবি করলে তাৎক্ষণিকভাবে নিকটস্থ আইন প্রয়োগকারী সংস্থাকে অবহিত করতে হবে এবং প্রতারকের ব্যবহৃত ফোন নম্বর সংরক্ষণ করতে হবে।
করদাতাদের হয়রানিমুক্ত ও স্বচ্ছ সেবা প্রদানেই তারা বদ্ধপরিকর। তাই কোনো অবস্থাতেই প্রতারকদের প্রলোভন বা ভয়ভীতিতে বিভ্রান্ত হয়ে কোনো ধরনের আর্থিক লেনদেন না করার জন্য করদাতাদের প্রতি অনুরোধ জানানো হয়েছে। সূত্র : বাসস



