চলতি ২০২৬-২৭ অর্থবছরে ভূমি উন্নয়ন কর বাবদ ১ হাজার ২০৮ কোটি ৪৫ লাখ ১৫ হাজার ৭৩৮ টাকা আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
রোববার (৩০ আগস্ট) জাতীয় সংসদে লক্ষ্মীপুর-২ আসনের সরকারি দলের সদস্য আবুল খায়ের ভূঁইয়ার তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে ভূমিমন্ত্রী মো: মিজানুর রহমান মিনু এ তথ্য জানান।
ভূমিমন্ত্রী বলেন, ‘মাঠপর্যায়ে প্রতি মাসে বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ে অনুষ্ঠিত রাজস্ব সম্মেলনে নির্ধারিত লক্ষ্যমাত্রা অনুযায়ী ভূমি উন্নয়ন কর আদায়ের বিষয়টি আলোচনা করা হয়।’
তিনি বলেন, ‘২০২৬-২৭ অর্থবছরে ভূমি উন্নয়ন কর আদায় বৃদ্ধি ত্বরান্বিত করার লক্ষ্যে গত ১৬ জুলাই জেলা প্রশাসকদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদানের জন্য সব বিভাগীয় কমিশনারের কাছে ভূমি সংস্কার বোর্ড থেকে পত্র পাঠানো হয়েছে।’
মন্ত্রী আরো জানান, আধুনিক ভূমি ব্যবস্থাপনা কার্যক্রম সহজীকরণ এবং ভূমি রাজস্ব আদায় বৃদ্ধিতে করণীয় নির্ধারণের লক্ষ্যে গত ২০ আগস্ট শরীয়তপুর জেলায় দিনব্যাপী একটি প্রশিক্ষণ কর্মসূচি আয়োজন করা হয়েছে।
তিনি বলেন, ‘ভূমি উন্নয়ন কর আদায় বাড়াতে মাঠপর্যায়ে নিয়মিত তদারকি ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেয়া হচ্ছে।’
সূত্র : বাসস



