কৃষিখাতে ২৮ হাজার ৮৮১ কোটি টাকার বরাদ্দ প্রস্তাব

আমাদের সরকারের অন্যতম প্রধান অঙ্গীকার হলো কৃষিকে জাতীয় সমৃদ্ধির গুরুত্বপূর্ণ চালিকাশক্তিতে পরিণত করা। দেশের অর্থনীতি ও খাদ্য নিরাপত্তার মূলভিত্তি এই কৃষিখাতকে আমরা একটি আত্মনির্ভর, জলবায়ু-সহিষ্ণু ও প্রযুক্তিনির্ভর আধুনিক ব্যবস্থা হিসেবে গড়ে তুলতে বদ্ধপরিকর।

নয়া দিগন্ত অনলাইন
কৃষি মন্ত্রণালয়
কৃষি মন্ত্রণালয় |ইন্টারনেট

আগামী ২০২৬-২৭ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে কৃষি মন্ত্রণালয়ের জন্য ২৮ হাজার ৮৮১ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। ২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে কৃষি মন্ত্রণালয়ের জন্য বাজেটের পরিমাণ ছিল ২৭ হাজার ২২৪ কোটি টাকা, যা সংশোধিত বাজেটে দাঁড়িয়েছিল ২৪ হাজার ৮২৫ কোটি টাকা।

আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এ তথ্য উপস্থাপন করেন।

বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী বলেন, আমাদের সরকারের অন্যতম প্রধান অঙ্গীকার হলো কৃষিকে জাতীয় সমৃদ্ধির গুরুত্বপূর্ণ চালিকাশক্তিতে পরিণত করা। দেশের অর্থনীতি ও খাদ্য নিরাপত্তার মূলভিত্তি এই কৃষিখাতকে আমরা একটি আত্মনির্ভর, জলবায়ু-সহিষ্ণু ও প্রযুক্তিনির্ভর আধুনিক ব্যবস্থা হিসেবে গড়ে তুলতে বদ্ধপরিকর। এই রূপরেখায় কৃষকের উৎপাদন ব্যয় হ্রাসে সার, বীজ ও সেচসহ কৃষি উপকরণের সুলভ মূল্য নিশ্চিতকরণ এবং কৃষি যান্ত্রিকীকরণে বিশেষ অগ্রাধিকার প্রদান করা হয়েছে।

তিনি বলেন, উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করতে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য নিরসন এবং আধুনিক বিপণন ও হিমাগার অবকাঠামো গড়ে তোলার ওপর আমরা গুরুত্ব দিচ্ছি। আমরা কৃষকগণকে কেবল উৎপাদনকারী নয়, বরং ক্ষমতায়িত উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করতে কার্যকর নীতি গ্রহণ করেছি।

সূত্র : বাসস