একুশে পদক বিজয়ী বাংলা সাহিত্যের অন্যতম কবি, বিশিষ্ট সাহিত্যিক ও প্রবীণ সাংবাদিক আল মুজাহিদীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন এবং কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম।
এক যৌথ শোকবাণীতে মহানগরী নেতৃদ্বয় বলেন, ‘মরহুম কবি আল মুজাহিদী ছিলেন বাংলা সাহিত্যের এক উজ্জল নক্ষত্র। তিনি একাধারে কবি, ঔপন্যাসিক, শিশু সাহিত্যিক, গাল্পিক, প্রাবন্ধিক, অনুবাদক ও সাংবাদিক হিসেবে বিরল খ্যাতি অর্জন করেছিলেন। তার সাহিত্য কর্মে দেশাত্মবোধ ও আত্মসেচতনা বিশেষভাবে লক্ষ্যনীয়। তিনি তার কাজের স্বীকৃতি স্মরণ একুশে ২০০৩, জীবনানন্দ দাশ একাডেমী পুরস্কার, কবি জসীমউদ্দীন একাডেমী পুরস্কার, মাইকেল মধুসূদন একাডেমী পুরস্কার, শেরে বাংলা সংসদ পুরস্কার, জয়বাংলা সাহিত্য পুরস্কার ও বাসাসপ কাব্যরত্ন পদক (২০১৮) লাভ করেন। তার মৃত্যুতে আমরা বুদ্ধিভিত্তিক জগতের উজ্জল নক্ষত্রকে হারালাম। কবি আল মুজাহিদীর মৃত্যুতে বাংলা সাহিত্য অঙ্গনে যে শূণ্যতার সৃষ্টি হয়েছে তা সহজেই পূরণীয় নয়।
নেতৃদ্বয় মরহুমের রূহের মাগফিরাত কামনা করে তাকে জান্নাতের উচ্চ মাকাম দানের জন্য মহান আল্লাহ তা’য়ালার দরবারে দোয়া করেন। তারা তার শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এবং সবরে জামিল ধারনের তাওফিক কামনা করেন। প্রেস বিজ্ঞপ্তি



