বাজেটে দুর্নীতি ও লুটপাটকে পৃষ্ঠপোষকতা দেয়া হয়েছে : সেলিম উদ্দিন

‘সরকার ঘোষিত বাজেটে গরীব, অসহায় ও সমাজের সুবিধাবঞ্চিত মানুষের জন্য কোনো দিকনির্দেশনা বা সুখবর নেই। অথচ যারা ব্যাংক থেকে লোন নিয়ে পরিশোধ না করে অবৈধভাবে অগাধ অর্থ-বিত্তের মালিক হয়েছেন, তাদের কালো টাকা সাদা করার জন্য অবারিত সুযোগ রাখা হয়েছে।’

নয়া দিগন্ত অনলাইন
ফ্রি সেলাই প্রশিক্ষণ সেন্টার উদ্বোধন করছেন ঢাকা মহানগর উত্তর জামায়াত আমির সেলিম উদ্দিন
ফ্রি সেলাই প্রশিক্ষণ সেন্টার উদ্বোধন করছেন ঢাকা মহানগর উত্তর জামায়াত আমির সেলিম উদ্দিন |নয়া দিগন্ত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর উত্তরের আমির ও ঢাকা উত্তর সিটি করপোরেশনে জামায়াত মনোনীত মেয়র পদপ্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন বলেছেন, সরকার ঘোষিত ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটক দুর্নীতি সহায়ক ও শুভঙ্করের ফাঁকি।

বুধবার (১৭ জুন) বিকেলে রাজধানীর শেওড়াপাড়ায় স্থানীয় নারীদের স্বাবলম্বী করা ও আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সেলাই প্রশিক্ষণ সেন্টার উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

মহানগর উত্তরের নায়েবে আমির আব্দুর রহমান মূসার সভাপতিত্বে অনুষ্ঠানে জোবায়ের হোসাইন রাজন ও তৌহিদুল ইসলাম রিয়াজ প্রমুখ উপস্থিত ছিলেন।

সেলিম উদ্দিন বলেন, সরকার ঘোষিত বাজেটে গরীব, অসহায় ও সমাজের সুবিধাবঞ্চিত মানুষের জন্য কোনো দিকনির্দেশনা বা সুখবর নেই। অথচ যারা ব্যাংক থেকে লোন নিয়ে পরিশোধ না করে অবৈধভাবে অগাধ অর্থ-বিত্তের মালিক হয়েছেন, তাদের কালো টাকা সাদা করার জন্য অবারিত সুযোগ রাখা হয়েছে।

তিনি বলেন, যারা কালো টাকার মালিক তাদেরকে নামমাত্র কর দিয়ে জমি ও ফ্ল্যাট কেনার সুযোগ দিয়ে দুর্নীতি ও লুটপাটকে পৃষ্ঠপোষকতা দেয়া হয়েছে। সরকারের প্রস্তাবিত বাজেট ব্যাংক ঋণ নির্ভর। সরকারই যদি ব্যাংক খালি করে ফেলে তাহলে উদ্যোক্তারা কোথায় যাবেন? আত্মকর্মসংস্থানই বা কী করে সৃষ্টি হবে?

তিনি সরকারকে উদ্দেশ করে বলেন, বাস্তবতা উপলব্ধি করে প্রস্তাবিত বাজেট সংশোধনের মাধ্যমে জাতিকে গণমুখী বাজেট উপহার দিন। অন্যথায়, ঘোষিত বাজেট জনগণ প্রত্যাখ্যান করবে।

তিনি বলেন, জনগণ একটি গণমুখী বাজেট আশা করলেও সরকার এক্ষেত্রে পুরোপুরি ব্যর্থতা ও দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে। মূলত, ঘোষিত বাজেটের মাধ্যমে দুর্নীতি ও লাগামহীন লুটপাটকে অবারিত করা হয়েছে।

সেলিম উদ্দিন বলেন, সত্য কথা বললেই সরকার রেগে যায়। আমরা বিরোধী দল। সরকারের ভুলত্রুটি তুলে ধরা আমরা জাতীয় দায়িত্ব মনে করি। রাসূল সা:-এর হাদিসে এ বিষয়ে দিকনির্দেশনা রয়েছে। আমরা প্রতিরোধ করতে না পারলেও প্রতিবাদ করছি।

জামায়াতকে গণমানুষের দল উল্লেখ করে তিনি বলেন, আমরা গণমানুষের কল্যাণেই সারাবছর কাজ করি। আত্মকর্মসংস্থান সৃষ্টির জন্য সাধ্যমতো সহায়তা দিই। আমরা দেশকে ইসলামী কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে বিরামহীনভাবে কাজ করে যাচ্ছি।

তিনি ন্যায় ও ইনসাফের সমাজ প্রতিষ্ঠায় রাজনৈতিক মতপার্থক্য ভুলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।