জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ‘সরকারকে লাইনে রাখার জন্য, সরকারের যৌক্তিক সমালোচনা করার জন্য ছায়া মন্ত্রিসভার মতো যেকোনো প্রচেষ্টাকে আমরা সাধুবাদ জানাই। কারণ দিনশেষে সরকার যদি ঠিক পথে না থাকে, তাহলে শুধু সরকার বা বিএনপি ক্ষতিগ্রস্ত হবে না; আমরাও ক্ষতিগ্রস্ত হবো, বাংলাদেশও ক্ষতিগ্রস্ত হবে।’
শুক্রবার (২৮ আগস্ট) এনসিপি সাংগঠনিক সফরে লক্ষ্মীপুরে এসে চকবাজার জামে মসজিদে জুমার নামাজ আদায় শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন।
সারজিস আলম বলেন, ‘সরকারের ছয় মাসের সময়ে বিভিন্ন ক্ষেত্রে যেসব ব্যর্থতা রয়েছে, এনসিপি সেগুলো জনগণের সামনে তুলে ধরার চেষ্টা করছে।’
সারজিস আলম আরো বলেন, ‘আমরা মনে করি বিরোধী দল হিসেবে এনসিপি যে ভূমিকা সংসদে, রাজপথে ও সব জায়গায় পালন করছে—সরকারকে প্রশ্ন করা, যেকোনো ধরনের ব্যর্থতা ও অনাকাঙ্ক্ষিত ঘটনা জনগণের সামনে তুলে ধরা এবং বুক চিতিয়ে লড়াই করে যাওয়া—এনসিপি সেই কাজটি করে যাবে, ইনশাআল্লাহ।’



