আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেছেন, ‘জুলাই গণঅভ্যুত্থান ব্যর্থ হলে আনুষ্ঠানিকভাবে হাসিনা পরিবারের ‘শেখরাজ্য’ প্রতিষ্ঠা করা হতো।’
তিনি বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থান সফল না হলে দেশের কয়েকটি টেলিভিশন চ্যানেল ও শীর্ষস্থানীয় সংবাদপত্র বন্ধ করে দেয়া হতো। বহু সাংবাদিক গুম, কারাবন্দী ও নির্যাতনের শিকার হতেন।’
সোমবার (২৭ জুলাই) ঢাকার সেগুনবাগিচাস্থ ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) মিলনায়তনে এবি পার্টি আয়োজিত ‘জুলাই গণঅভ্যুত্থান : গণমাধ্যম কর্মীদের দায়িত্ব, ত্যাগ ও দুঃসাহসিক স্মৃতি’ শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।
২০১৩ সালের ৫ মে আলেম-ওলামাদের আন্দোলন দমনের প্রসঙ্গ তুলে ধরে মজিবুর রহমান মঞ্জু বলেন, ‘দিগন্ত টেলিভিশন, ইসলামিক টেলিভিশন, দৈনিক আমার দেশ ও একুশে টেলিভিশন কিভাবে বন্ধ করে দেয়া হয়েছিল, তা দেশের মানুষ ভুলে যায়নি।’
তিনি বলেন, ‘৫ আগস্টের পর গণমাধ্যম সংস্কার কমিশন গঠন করা হলেও তার সুপারিশ কতটুকু বাস্তবায়িত হয়েছে, সে বিষয়ে জাতি এখনো কোনো স্পষ্ট জবাব পায়নি।’
৫ আগস্টের আগে গণমাধ্যমকর্মীরা দুই ভাগে বিভক্ত ছিলেন জানিয়ে তিনি আরো বলেন, ‘আওয়ামী ব্লক ও অ্যান্টি-আওয়ামী ব্লক। এখন তারা বিএনপি ব্লক, জামায়াত ব্লক ও পলাতক-গুপ্ত আওয়ামী ব্লক— এই তিন ধারায় বিভক্ত।’
এ সময় জুলাইয়ের উত্তাল দিনগুলোতে জীবনের ঝুঁকি নিয়ে সত্য তুলে ধরা সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।
এবি পার্টির চেয়ারম্যান আরো বলেন, ‘সংসদে শুধু জুলাই সনদ নিয়ে আলোচনা করলেই চলবে না। নির্বাচন কমিশনে চুক্তিভিত্তিক অতিরিক্ত সচিব নিয়োগ, রাষ্ট্রায়ত্ত করপোরেশনগুলোতে দলীয় নিয়োগ এবং সরকারি দল হিসেবে বিএনপির ঘোষিত ৩১ দফা থেকে সরে আসার বিষয়েও প্রশ্ন তুলতে হবে।’
সূত্র : বিবিসি



