স্পিকারসহ সংসদ সদস্যদের প্রতি মির্জা আব্বাসের কৃতজ্ঞতা প্রকাশ

‘প্রায় সাড়ে পাঁচ মাস ধরে তিনি চিকিৎসাধীন ছিলেন। নির্বাচনের পর গুরুতর স্ট্রোকে আক্রান্ত হওয়ার পর থেকে তিনি বিদেশে চিকিৎসা নিচ্ছিলেন। সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় দীর্ঘ সময় চিকিৎসা শেষে আবেগ ও ভালোবাসার টানেই সংসদ অধিবেশনে যোগ দিতে এসেছেন বলে জানান তিনি।’

নয়া দিগন্ত অনলাইন
সংসদে কথা বলেন মির্জা আব্বাস উদ্দিন আহমেদ
সংসদে কথা বলেন মির্জা আব্বাস উদ্দিন আহমেদ |সংগৃহীত

অসুস্থতার সময় পাশে দাঁড়ানোয় স্পিকারসহ সব সংসদ সদস্য এবং নিজ নির্বাচনী এলাকার জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ঢাকা-৮ আসনের সরকারি দলের সদস্য মির্জা আব্বাস উদ্দিন আহমেদ।

দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) জাতীয় সংসদে যোগ দিয়ে বক্তব্য রাখতে গিয়ে তিনি এ কৃতজ্ঞতা প্রকাশ করেন।

মির্জা আব্বাস বলেন, প্রায় সাড়ে পাঁচ মাস ধরে তিনি চিকিৎসাধীন ছিলেন। নির্বাচনের পর গুরুতর স্ট্রোকে আক্রান্ত হওয়ার পর থেকে তিনি বিদেশে চিকিৎসা নিচ্ছিলেন। সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় দীর্ঘ সময় চিকিৎসা শেষে আবেগ ও ভালোবাসার টানেই সংসদ অধিবেশনে যোগ দিতে এসেছেন বলে জানান তিনি। তবে চিকিৎসা এখনো শেষ হয়নি বলেও উল্লেখ করেন তিনি।

তিনি বলেন, ‘আজ সংসদ অধিবেশনে উপস্থিত হতে পেরে মহান আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আদায় করছি।’

নিজের অসুস্থতার সময় যারা দোয়া করেছেন, খোঁজখবর নিয়েছেন এবং সহযোগিতা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে মির্জা আব্বাস বিশেষভাবে তার নির্বাচনী এলাকার জনগণের প্রতি ধন্যবাদ জানান।

তিনি বলেন, অসুস্থতার সময়ে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকেও তার শারীরিক অবস্থার নিয়মিত খোঁজখবর নেয়া হয়েছে। এ জন্য তিনি প্রধানমন্ত্রী ও সংশ্লিষ্টদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

স্পিকার ব্যক্তিগতভাবে সিঙ্গাপুরে গিয়ে তাকে দেখে আসায় তার প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন মির্জা আব্বাস। তিনি বলেন, হাসপাতালের শয্যায় থাকা অবস্থায় স্পিকার তাকে দেখতে গিয়েছিলেন-বিষয়টি পরে জানতে পেরেছেন তিনি।

মির্জা আব্বাস বলেন, তার দুঃসময়ে সব রাজনৈতিক ভেদাভেদ ভুলে সংসদ সদস্যরা মানবিকতার যে অনন্য নজির স্থাপন করেছেন, তা তিনি কোনোদিন ভুলবেন না।

তিনি বলেন, ‘আপনাদের এই ভালোবাসা ও সহানুভূতি আমি কোনোদিন ভুলব না।’

সংসদের দায়িত্ব পালনের পাশাপাশি একজন মানুষ হিসেবে স্পিকার যে মানবিকতা ও মহত্ত্ব দেখিয়েছেন, তার জন্যও কৃতজ্ঞতা জানান মির্জা আব্বাস।

রাজনীতির মূল উদ্দেশ্য মানুষের কল্যাণে কাজ করা-এ উপলব্ধির কথা তুলে ধরে জাতীয় সংসদে তিনি বলেন, ‘জাতীয় রাজনীতি শুধু মতের পার্থক্য নয়; রাজনীতি মানুষের জন্য এবং মানুষের কল্যাণের জন্য।’

নিজের সুস্থতার জন্য সবার কাছে দোয়া কামনা করে মির্জা আব্বাস বলেন, মহান আল্লাহ যেন তাকে পূর্ণ সুস্থতা দান করেন, যাতে জীবনের বাকি সময়টুকু নির্বাচনী এলাকার মানুষ এবং দেশের মানুষের কল্যাণে আরো নিষ্ঠা ও একাগ্রতার সাথে কাজ করতে পারেন।

তিনি বলেন, সংসদ সদস্যদের ভালোবাসা, শুভকামনা ও দোয়া তাকে সুস্থ হয়ে উঠতে সহযোগিতা করেছে। এ জন্য তিনি সংসদের সব সদস্যের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি বাংলাদেশ ও দেশের জনগণের কল্যাণ কামনা করেন এবং সব সংসদ সদস্য ও বাংলাদেশের জনগণকে তার পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান। বাসস