নূরুল ইসলাম বুলবুল

দ্বীন প্রতিষ্ঠার কাজে আত্মনিয়োগই হবে প্রতিটি কর্মীর জীবনের উদ্দেশ্য

তিনি আরো বলেন, ফরজ ইবাদত যথাযথভাবে পালনের পাশাপাশি নফল ইবাদত ও সার্বক্ষণিক জিকিরের মাধ্যমে ঈমানকে সুদৃঢ় করতে হবে। আল্লাহর সন্তুষ্টি অর্জনই একজন কর্মীর প্রধান লক্ষ্য হওয়া উচিত।

নিজস্ব প্রতিবেদক
কথা বলছেন মো: নূরুল ইসলাম বুলবুল
কথা বলছেন মো: নূরুল ইসলাম বুলবুল |ছবি : নয়া দিগন্ত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির মো: নূরুল ইসলাম বুলবুল এমপি বলেছেন, দ্বীন প্রতিষ্ঠার কাজে নিজেকে পরিপূর্ণভাবে আত্মনিয়োগ করাই হবে প্রতিটি জামায়াত কর্মীর জীবনের উদ্দেশ্য। আল্লাহর জমিনে সকল প্রকার জুলুমের অবসান, মানবতার কল্যাণ এবং আল্লাহর হুকুমাতের ভিত্তিতে সমাজ ও রাষ্ট্র পরিচালনার লক্ষ্যে ঈমানের দাবি নিয়ে প্রতিটি কর্মীকে এগিয়ে আসতে হবে।

শুক্রবার (৭ আগস্ট) বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামী সূত্রাপুর-কোতয়ালী-গেন্ডারিয়া জোন আয়োজিত দিনব্যাপী অগ্রসর কর্মী শিক্ষাশিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নূরুল ইসলাম বুলবুল বলেন, নিয়মিত কোরআন, হাদীস ও ইসলামী সাহিত্য অধ্যয়নের পাশাপাশি জামাতে সালাত আদায়ের মাধ্যমে জ্ঞান বৃদ্ধি ও আদর্শ চরিত্র গঠন করতে হবে। সালাতভিত্তিক সমাজব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে প্রত্যেক কর্মীকে ধারাবাহিকভাবে কাজ করে যেতে হবে।

তিনি আরো বলেন, ফরজ ইবাদত যথাযথভাবে পালনের পাশাপাশি নফল ইবাদত ও সার্বক্ষণিক জিকিরের মাধ্যমে ঈমানকে সুদৃঢ় করতে হবে। আল্লাহর সন্তুষ্টি অর্জনই একজন কর্মীর প্রধান লক্ষ্য হওয়া উচিত।

শিক্ষাশিবিরে সূত্রাপুর-কোতয়ালী-গেন্ডারিয়া জোনের পরিচালক ও মহানগরী অফিস সেক্রেটারি কামরুল আহসান হাসানের সভাপতিত্বে এবং জোন টিম সদস্য মাওলানা নেছার উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন কোতয়ালী থানা আমির মাওলানা মতিউর রহমান, সূত্রাপুর থানা আমির দাইয়ান সালেহিন, সূত্রাপুর পূর্ব থানা আমির নোমান শিকদার, সূত্রাপুর থানা সেক্রেটারি সুলতানুর রহমান এবং গেন্ডারিয়া থানা সেক্রেটারি মাসুদ হেলাল জব্বার। এ ছাড়া সূত্রাপুর-কোতয়ালী-গেন্ডারিয়া জোনের অন্তর্গত বিভিন্ন সাংগঠনিক থানার দায়িত্বশীলরা শিক্ষাশিবিরে অংশ নেন।