কাজের মাধ্যমেই নেতৃত্বের প্রমাণ দিতে হবে : সেলিম উদ্দিন

কর্মসূচিতে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরীর নায়েবে আমির আব্দুর রহমান মূসা, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরীর সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম এবং টকশো ব্যক্তিত্ব ড. ফয়জুল্লাহ।

নিজস্ব প্রতিবেদক
রাজধানীর পশ্চিম শেওড়াপাড়ার আনন্দবাজার এলাকায় শিশুদের মধ্যে পরিবেশবান্ধব কলম ও খাবার বিতরণ কর্মসূচি
রাজধানীর পশ্চিম শেওড়াপাড়ার আনন্দবাজার এলাকায় শিশুদের মধ্যে পরিবেশবান্ধব কলম ও খাবার বিতরণ কর্মসূচি |ছবি : নয়া দিগন্ত

‘কাজের মাধ্যমেই নেতৃত্বের প্রমাণ দিতে হবে। কারণ কাজ ছাড়া বাংলাদেশের মানুষ আর কাউকে নেতা হিসেবে গ্রহণ করবে না’ বলে মন্তব্য করেছেন নগর উন্নয়ন ফোরামের চেয়ারম্যান, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে রাজধানীর পশ্চিম শেওড়াপাড়ার আনন্দবাজার এলাকায় শিশুদের মধ্যে পরিবেশবান্ধব কলম ও খাবার বিতরণ কর্মসূচিতে তিনি এসব কথা বলেন। নগর উন্নয়ন ফোরামের চেয়ারম্যান মোহাম্মদ সেলিম উদ্দিনের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

সেলিম উদ্দিন জানান, বিশ্ব স্বাক্ষরতা দিবসের দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ‘চলো বদলে দেই ঢাকা উত্তর’—এই অঙ্গীকার বাস্তবায়নে তারা কাজ শুরু করেছেন। শুধু কথায় নয়, কাজের মাধ্যমে ঢাকা শহরকে বদলে দিতে চান তারা।

তিনি বলেন, বর্জ্য কোনো সমস্যা নয়; সঠিক পরিকল্পনা ও ব্যবস্থাপনার মাধ্যমে এটিকে সম্পদে পরিণত করা সম্ভব। ঢাকা শহরের বিভিন্ন স্থানে ইতোমধ্যে ২০টি স্মার্ট বিন স্থাপন করা হয়েছে। এসব বিনে সংগৃহীত বর্জ্য পুনর্ব্যবহার করে পরিবেশবান্ধব কলম তৈরি করা হচ্ছে।

তিনি বলেন, রাজনৈতিক নেতৃত্বের সদিচ্ছা থাকলে জনগণের কল্যাণে অনেক কিছু করা সম্ভব। বিশ্ব স্বাক্ষরতা দিবসে শিশুদের হাতে পরিবেশবান্ধব কলম তুলে দেয়া সেই উদ্যোগের একটি উদাহরণ। ভবিষ্যতে নগরবাসীর কল্যাণে আরো নতুন ও সৃজনশীল উদ্যোগ নেয়া হবে।

বর্জ্য পুনর্ব্যবহারের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টির পরিকল্পনার কথা জানিয়ে তিনি বলেন, কাগজ, কলমসহ বিভিন্ন পণ্য তৈরির শিল্প গড়ে তোলার উদ্যোগ নেয়া হবে। এর মাধ্যমে নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা সম্ভব।

চাকরির সুযোগ প্রসঙ্গে সেলিম উদ্দিন বলেন, সঠিক পরিকল্পনা ও উদ্যোগ থাকলে কর্মসংস্থানের সুযোগ তৈরি করা সম্ভব। মানুষকে অন্যের কাছে হাত পাতার পরিবর্তে কাজের মাধ্যমে সম্মানের সাথে জীবনযাপনের সুযোগ করে দিতে হবে।

তিনি আরো বলেন, স্থানীয় নির্বাচনে জনগণ চুরি, দুর্নীতি ও নাগরিক সেবা থেকে বঞ্চিত রাখার রাজনীতিকে বেছে নেবে না। জনগণ সৎ, যোগ্য ও জনকল্যাণে নিবেদিত নেতৃত্বকেই নির্বাচিত করবে।

সেলিম উদ্দিন বলেন, এরই মধ্যে বিভিন্ন এলাকায় পরিচ্ছন্নতা অভিযান, মেডিক্যাল ক্যাম্পসহ বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। ঢাকা শহরকে পরিবর্তন করাই তাদের লক্ষ্য।

কর্মসূচিতে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরীর নায়েবে আমির আব্দুর রহমান মূসা, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরীর সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম এবং টকশো ব্যক্তিত্ব ড. ফয়জুল্লাহ।

এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগরীর সহকারী সেক্রেটারি মো: মাহফুজুর রহমান, ঢাকা মহানগরী পশ্চিম শিবিরের সভাপতি মহিবুল্লাহ আল হুসাইনী ও জোবায়ের হোসেন রাজন।