জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমানের সাথে বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বুধবার রাতে ৯টার দিকে বিরোধীদলীয় নেতার বসুন্ধরাস্থ কার্যালয়ে বিকেএমইএ-এর প্রেসিডেন্ট মোহাম্মদ হাতেমের নেতৃত্বে প্রতিনিধি দলটি তার সাথে সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক করেন। বৈঠকটি অত্যন্ত আন্তরিক ও হৃদ্যতাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়।
বৈঠকে বিকেএমইএ প্রেসিডেন্ট মোহাম্মদ হাতেমের নেতৃত্বে উপস্থিত ছিলেন সংগঠনটির সিনিয়র সহ-সভাপতি অমল পোদ্দার, পরিচালক ও সাবেক নির্বাহী সভাপতি মনসুর আহমেদ, পরিচালক মো: জামাল উদ্দিন, পরিচালক মো: সালাউদ্দিন আহমেদ শামীম এবং পরিচালক মো: মনিরুজ্জামান।
এ ছাড়া উপস্থিত ছিলেন আইবিডব্লিউএফের মহাসচিব ডা: আনোয়ারুল আজিম এবং বিজিএমইএর স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান মোজাম্মেল হক ভূঁইয়া।
সৌজন্য সাক্ষাৎ ও বৈঠকে দেশের পোশাকশিল্পের সার্বিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে শিল্প খাতে চলমান বিদ্যুৎ, গ্যাসসহ জ্বালানি সঙ্কট, ব্যাংকিং খাতের বিভিন্ন সমস্যা এবং ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে বিদ্যমান নানা প্রতিবন্ধকতা ও সম্ভাবনা নিয়ে ব্যবসায়ী নেতৃবৃন্দ তাদের মতামত ও উদ্বেগ তুলে ধরেন।
বিরোধীদলীয় নেতা ব্যবসায়ী নেতৃবৃন্দের বক্তব্য অত্যন্ত মনোযোগসহকারে শোনেন। তিনি দেশের অর্থনীতি ও কর্মসংস্থানে পোশাকশিল্পের গুরুত্বপূর্ণ অবদানের কথা উল্লেখ করে শিল্প খাতের বিদ্যমান সমস্যাগুলো সমাধানে প্রয়োজনীয় সহযোগিতা ও উদ্যোগ গ্রহণের আশ্বাস প্রদান করেন।
বৈঠকে দেশের ব্যবসা-বাণিজ্য ও শিল্প খাতের উন্নয়ন, বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টি এবং জাতীয় অর্থনীতিকে আরো শক্তিশালী করার লক্ষ্যে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
প্রেস বিজ্ঞপ্তি



