মিয়া গোলাম পরওয়ার

বিএনপি প্রতিশ্রুতি ভঙ্গ করে কোরআন-সুন্নাহবিরোধী আইন পাস করেছে

মিয়া গোলাম পরওয়ার বলেন, সংসদে কোরআন-সুন্নাহবিরোধী ওই আইন পাসের প্রতিবাদে বিরোধীদলীয় সংসদ সদস্যরা মুখে কালো কাপড় বেঁধে সংসদ থেকে ওয়াক-আউট করেছেন। সংখ্যাগরিষ্ঠতার জোরে কোরআন ও সুন্নাহবিরোধী আইন পাস করে বর্তমান সরকার কর্তৃত্ববাদী শাসন কায়েমের দিকে এগিয়ে যাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

নিজস্ব প্রতিবেদক
বিক্ষোভ মিছিল-পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্য প্রদান করছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার
বিক্ষোভ মিছিল-পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্য প্রদান করছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার |ছবি : নয়া দিগন্ত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার বলেছেন, বিএনপি কোরআন-সুন্নাহবিরোধী কোনো আইন না করার প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় গিয়ে কোরআন-সুন্নাহবিরোধী আইন পাস করেছে। তিনি বলেন, নির্বাচনের আগে বিএনপি কোরআন-সুন্নাহবিরোধী কোনো আইন না করার এবং মদিনা সনদে দেশ পরিচালনার কথা বলেছিল, কিন্তু ক্ষমতায় গিয়ে সংসদে কোরআন-সুন্নাহবিরোধী সম্পত্তি হস্তান্তর সংশোধন আইন পাস করেছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে বায়তুল মোকাররমের উত্তর গেটে জাতীয় সংসদে কোরআন-সুন্নাহবিরোধী সম্পত্তি হস্তান্তর সংশোধন আইন পাসের প্রতিবাদে জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরীর উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিল-পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মিয়া গোলাম পরওয়ার বলেন, সংসদে কোরআন-সুন্নাহবিরোধী ওই আইন পাসের প্রতিবাদে বিরোধীদলীয় সংসদ সদস্যরা মুখে কালো কাপড় বেঁধে সংসদ থেকে ওয়াক-আউট করেছেন। সংখ্যাগরিষ্ঠতার জোরে কোরআন ও সুন্নাহবিরোধী আইন পাস করে বর্তমান সরকার কর্তৃত্ববাদী শাসন কায়েমের দিকে এগিয়ে যাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, কোরআন-সুন্নাহবিরোধী আইন পাস করে সরকার যে দুঃসাহস দেখিয়েছে, এর করুণ পরিণাম সরকারকে ভোগ করতে হবে। ইসলামের বিধান নিয়ে ভুল তথ্য দেয়ার জন্য আইনমন্ত্রীকে জাতির কাছে ক্ষমা চাওয়ার পরামর্শ দেন তিনি। একই সাথে কোরআন ও সুন্নাহবিরোধী সম্পত্তি হস্তান্তর সংশোধন আইন, মানবাধিকার কমিশন আইন ও গুম প্রতিরোধ আইন প্রত্যাহারের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির মো: নূরুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে সংগঠনের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এমপি বলেন, সংসদে শুধু কোরআন-সুন্নাহবিরোধী দুটি আইন নয়, মানবাধিকার কমিশন আইন ও গুম প্রতিরোধ আইনও পাস করা হয়েছে। এসব আইনকে তিনি গণবিরোধী ও কালো আইন হিসেবে উল্লেখ করেন। সরকারকে ফ্যাসিবাদী হওয়ার খায়েশ না থাকলে দ্রুত এসব আইন বাতিল করতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, সংসদে থাকা দায়িত্বশীল বিরোধী দলের সাথে আলোচনা না করেই সম্পত্তি হস্তান্তর সংশোধন আইন পাস করা হয়েছে। তিনি যেকোনো আইন পাসের আগে বিজ্ঞ আলেমদের পরামর্শ গ্রহণ এবং বিরোধী দলের সাথে আলোচনা করার আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে নূরুল ইসলাম বুলবুল এমপি বলেন, কোরআন ও সুন্নাহবিরোধী আইন প্রত্যাহার করতে হবে। ইসলামের উত্তরাধিকার আইন বাস্তবায়ন ও নৈতিক শিক্ষার মাধ্যমে আগামী প্রজন্মকে পিতা-মাতার প্রতি যত্নবান ও দায়িত্বশীল হিসেবে গড়ে তোলা সম্ভব বলেও মন্তব্য করেন তিনি। একইসাথে কোরআন ও সুন্নাহবিরোধী সম্পত্তি হস্তান্তর সংশোধন আইন, মানবাধিকার কমিশন আইন ও গুম প্রতিরোধ আইন প্রত্যাহারের আহ্বান জানান।

সমাবেশটি পরিচালনা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি। এতে আরো বক্তব্য দেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. রেজাউল করিম এবং কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি মোহাম্মদ কামাল হোসেন এমপি।

এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি দেলাওয়ার হোসেন, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি নাজিম উদ্দিন মোল্লা, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি ড. আব্দুল মান্নান, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি মাওলানা ইয়াছিন আরাফাত এবং কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি শামছুর রহমানসহ কেন্দ্রীয় ও মহানগরীর বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ।

সমাবেশ শেষে বায়তুল মোকাররম উত্তর গেট থেকে কোরআন-সুন্নাহবিরোধী সম্পত্তি হস্তান্তর সংশোধন আইন পাসের প্রতিবাদে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি পল্টন মোড় অতিক্রম করে বিজয়নগরে গিয়ে শেষ হয়।