দেশে ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য স্বাধীন বিচারব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন। তিনি বলেন, মানুষ এমন একটি সমাজ চায়, যেখানে অন্যায়ের বিচার হবে, মানুষ নিরাপদে চলাচল করতে পারবে এবং সৎ, যোগ্য, চরিত্রবান ও দায়িত্বশীল নেতৃত্ব প্রতিষ্ঠিত হবে।
বুধবার (২ সেপ্টেম্বর) সকালে রাজধানীর উত্তরা ১৩ নম্বর সেক্টরের পার্ক ও খেলার মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্র ঘোষিত মাসব্যাপী দাওয়াতি অভিযানের অংশ হিসেবে আয়োজিত গণসংযোগে তিনি এসব কথা বলেন। সকাল সাড়ে ৬টা থেকে ৮টা পর্যন্ত উত্তরা মডেল থানা জামায়াতের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, ফজরের নামাজ আদায় করে মানুষের কাছে দ্বীনের কথা ও ভালো কাজের আহ্বান নিয়ে বের হওয়া অত্যন্ত মর্যাদাপূর্ণ কাজ। গণসংযোগ শুধু পরিচিতি বা লিফলেট বিতরণের মধ্যে সীমাবদ্ধ না রেখে মানুষের সাথে ভালো সম্পর্ক তৈরির ওপর গুরুত্ব দিতে হবে।
তিনি বলেন, দেশের শান্তি, শৃঙ্খলা ও ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য ধার্মিক, সৎ, চরিত্রবান ও নিঃস্বার্থ নেতৃত্ব প্রয়োজন। দাওয়াতি কার্যক্রমে নিয়মিত অংশগ্রহণের পাশাপাশি বিকেলেও গণসংযোগ চালানোর আহ্বান জানান তিনি।
সম্প্রতি ঢাকায় ছিনতাইকারীদের হামলায় এক নারী শিক্ষিকা নিহত হওয়ার প্রসঙ্গ তুলে সেলিম উদ্দিন বলেন, এ ধরনের ঘটনা শুধু একটি পরিবারের জন্য নয়, সাধারণ মানুষের নিরাপত্তা নিয়েও বড় প্রশ্ন তৈরি করে। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে।
তিনি মানুষের কাছে গিয়ে তাদের কথা শোনা, পাশে দাঁড়ানো এবং ন্যায়বিচার ও সুশাসনের পক্ষে জনমত গড়ে তোলার মাধ্যমে দাওয়াতি ও গণসংযোগ কার্যক্রম আরো বিস্তৃত করার আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন উত্তরা মডেল থানার আমির ও মহানগরী উত্তরের মজলিশে শূরা সদস্য অ্যাডভোকেট মো: ইব্রাহিম খলিল, নায়েবে আমির হারুন অর রশিদ তারেক, উত্তরা পশ্চিম থানার সেক্রেটারি ফিরোজ আলম, ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মাওলানা মো: মাহফুজুর রহমান, ৫৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী সালাউদ্দিন আহমেদসহ স্থানীয় নেতৃবৃন্দ।



