আবারো কি ওয়ানডে বিশ্বকাপে বাছাইপর্ব খেলতে হবে ওয়েস্ট ইন্ডিজকে? এই মুহূর্তের সমীকরণ বলছে, সেই পথেই এগোচ্ছে দুইবারের বিশ্বচ্যাম্পিয়নরা। টানা তৃতীয়বারের মতো ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্ব খেলতে হতে পারে ক্যারিবীয়দের।
মূলত আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আফগানিস্তানের জয়ের পর ওয়েস্ট ইন্ডিজের সরাসরি বিশ্বকাপ খেলার সমীকরণ আরো কঠিন হয়ে গেছে। তাদের পেছনে ফেলে বিশ্বমঞ্চের পথে এগিয়ে গেছে আফগানরা।
আফ্রিকা মহাদেশে হতে যাওয়া আগামী ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে খেলবে মোট ১৪টি দল। সহ-আয়োজক হিসেবে দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে সরাসরি খেলার সুযোগ পাচ্ছে। এছাড়া আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ের ভিত্তিতে আরো আটটি দল সরাসরি বিশ্বকাপে জায়গা পাবে।
আয়োজক জিম্বাবুয়ে র্যাঙ্কিংয়ের সেরা আটে না থাকায় র্যাঙ্কিংয়ের সেরা ৯-এ থাকা একটি দল সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ পাবে। কিন্তু ওয়েস্ট ইন্ডিজ এই মুহূর্তে র্যাঙ্কিংয়ে আছে ১০ নম্বরে। তাদের রেটিং ৭৭। নয়ে থাকা বাংলাদেশের রেটিং ৮৩। আর আটে থাকা আফগানিস্তানের রেটিং ৯০।
সরাসরি বিশ্বকাপে খেলতে হলে চলতি বছরের ৩০ সেপ্টেম্বরের মাঝে অন্তত র্যাঙ্কিংয়ের সেরা নয় দলের মাঝে উঠে আসতে হবে ওয়েস্ট ইন্ডিজকে। কিন্তু বর্তমান সমীকরণে সেই কাজ অত্যন্ত কঠিন।
৩০ সেপ্টেম্বরের আগে ওয়েস্ট ইন্ডিজের হাতে রয়েছে মাত্র দুটি ওয়ানডে। দুই ম্যাচেই তাদের প্রতিপক্ষ ভারত। তাও আবার ম্যাচ দুটি হবে ভারতের মাটিতে। কাজটা যে কঠিন, সেটি বলাই যায়।
ভারতের বিপক্ষে সিরিজ জিতলেও ওয়েস্ট ইন্ডিজের র্যাঙ্কিংয়ের সেরা আটে ওঠার সুযোগ নেই। এমনকি নবম স্থানেও ওঠা প্রায় অসম্ভব। বাংলাদেশের সাথে তাদের ব্যবধান ছয় রেটিং পয়েন্ট। এ সময়ে বাংলাদেশের কোনো ওয়ানডে নেই।
ফলে বাংলাদেশের রেটিং পয়েন্ট বাড়ার সুযোগ যেমন নেই, তেমনি কমে যাওয়ার ঝুঁকিও নেই। দুই ম্যাচ জিতে সেই ছয় পয়েন্টের ব্যবধান পুষিয়ে ফেলা ওয়েস্ট ইন্ডিজের জন্য কার্যত অসম্ভব।
ওয়েস্ট ইন্ডিজের জন্য পরিস্থিতি আরো কঠিন করেছে আফগানিস্তানের জয়। পাঁচ ম্যাচের সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে শুক্রবার আয়ারল্যান্ডকে ৯২ রানে হারিয়েছে আফগানরকা। এই জয়ে ৮ নম্বরে থাকা আফগানিস্তান সরাসরি বিশ্বকাপে খেলার দৌড়ে সুবিধাজনক অবস্থানে চলে গেছে।
এরই মাঝে সরাসরি বিশ্বকাপে খেলার দৌড় থেকে ছিটকে গেছে আয়ারল্যান্ড। এই লড়াইয়ে টিকে থাকতে সিরিজে ৫-০ ব্যবধানে জিততে হতো তাদের। কিন্তু সিরিজের প্রথম ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ার পরই সেই সম্ভাবনা শেষ হয়ে যায়।
বিশ্বকাপের বাছাইপর্বে খেলা ওয়েস্ট ইন্ডিজের জন্য অবশ্য নতুন কিছু নয়। ২০১৯ ও ২০২৩ বিশ্বকাপেও বাছাইপর্ব খেলতে হয়েছিল তাদের। ২০১৯ সালে বাছাইপর্ব পেরিয়ে মূল পর্বে উঠতে পারলেও ২০২৩ সালে সেই বাধা পেরোতে পারেনি তারা।
জিম্বাবুয়েতে অনুষ্ঠিত ২০২৩ বিশ্বকাপের বাছাইপর্বের সুপার সিক্সে জিম্বাবুয়ে ও নেদারল্যান্ডসের কাছে হারে ওয়েস্ট ইন্ডিজ। পরে স্কটল্যান্ডের কাছে হার তাদের বিশ্বকাপ-স্বপ্নের মৃত্যু নিশ্চিত করে। সেবারই বিশ্বকাপের ইতিহাসে প্রথমবারের মতো মূল পর্বে জায়গা হয়নি ওয়েস্ট ইন্ডিজের।
এবার তাই আবারো বাছাইপর্বের শঙ্কায় পড়েছে দুইবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ভারতের বিপক্ষে হাতে থাকা দুটি ওয়ানডেতে বড় কোনো পরিবর্তন আনতে না পারলে টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপের বাছাইপর্ব খেলতে হতে পারে ওয়েস্ট ইন্ডিজকে।



