কোনো কাজে গাফিলতি দেখলেই ব্যবস্থা নিচ্ছে সরকার : রিজভী

অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, আমলাতন্ত্রের কেউ হোক কিংবা রাজনৈতিক ব্যক্তি- দায়িত্ব পালনে অবহেলা করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে সরকার।

অনলাইন প্রতিবেদক
বক্তব্যে দিচ্ছেন অ্যাডভোকেট রুহুল কবির রিজভী
বক্তব্যে দিচ্ছেন অ্যাডভোকেট রুহুল কবির রিজভী |নয়া দিগন্ত

সরকারের কার্যক্রম তুলে ধরে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, সরকারের কাজে কোনো ধরনের গাফিলতি হলে প্রধানমন্ত্রী তারেক রহমান কঠোর ব্যবস্থা নিচ্ছেন। আমলাতন্ত্রের কেউ হোক কিংবা রাজনৈতিক ব্যক্তি- দায়িত্ব পালনে অবহেলা করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে সরকার।

শনিবার (৮ আগস্ট) সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির ক্র্যাব মিলনায়তনে রোটারিয়ান এম নাজমুল হাসান সম্পাদিত প্রধানমন্ত্রী তারেক রহমানের পাঁচমাসের উন্নয়ন যাত্রা গ্রন্থের মোড়ক উম্মোচন ও আগামীর বাংলাদেশ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, অন্ধকার ঘোচাতে বই বাতি ও প্রদীপের মতো কাজ করে। মানবসভ্যতার অগ্রগতিতে বইয়ের কোনো বিকল্প নেই।

বই পড়ার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, যদি বই না পড়ি, জ্ঞান অর্জন না করি এবং ন্যূনতম শিক্ষায় শিক্ষিত না হই, তাহলে তো আমাদের মনের জগত ও বিশ্বজগত- দুটিই অন্ধকার রয়ে যাবে। বই হচ্ছে মনের জগতের পাসপোর্ট। এই পাসপোর্ট অর্জন করতে পারলেই মনের জগতের পাশাপাশি বহির্জগতের অন্ধকারও দূর করা সম্ভব।

সরকারের পাঁচ মাসের কার্যক্রম তুলে ধরে রিজভী বলেন, নির্বাচিত সরকার, তারেক রহমানের সরকারকে নিয়ে নানা কথা বলা হচ্ছে। কিন্তু এই পাঁচ মাসে সরকার কী করেছে, তার পরিসংখ্যানসহ বিভিন্ন ঘটনাবলি বইটিতে তুলে ধরা হয়েছে। জাতি এসব জানে এবং দেখেছে। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খাল খনন এবং সামনে হেলথ কার্ড চালুর প্রতিশ্রুতি দিয়েছিলেন সরকার প্রধান। তা তিনি বাস্তবায়ন করে যাচ্ছেন।