বিএনপিকে তুচ্ছ করে জুলাই আন্দোলনে অনেকে একক ক্রেডিট নেয়ার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপি ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
তিনি বলেন, ‘ছাত্রদল জুলাই আন্দোলনে ১৪২ শহীদ নেতাকর্মীর কমপ্লিট তালিকা করেছে। অথচ এখন অনেকে জুলাই আন্দোলনে একক ক্রেডিট নেয়ার চেষ্টা করে। জুলাই আন্দোলনে বিএনপি, শ্রমিক সংগঠন সব মিলিয়ে প্রায় ৪৫০ জনের আত্মাহুতিকে তারা বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তুচ্ছ করার চেষ্টা করছে।’
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে গুলশান বিএনপির চেয়ারম্যান কার্যালয়ে ‘ছাত্রদলের ডিজিটাল প্ল্যাটফর্ম’ উদ্বোধনকালে এ অভিযোগ করে তিনি।
রিজভী বলেন, ‘জাতীয়তাবাদী দল, তার নেত্রী বেগম জিয়া, তার নেতা তারেক রহমান, তাদের যে জাতীয় নেতৃত্বের যে অস্তিত্ব এবং জনগণের মধ্যে তাদের যে অস্তিত্ব ও শক্তি, তাদের যে প্রভাব—এটা সংগঠিত ছিল বলেই জুলাই বিপ্লবটা সাফল্যমণ্ডিত হয়েছে। সুতরাং সেটিকে অবজ্ঞা করার কিছু নেই। এই বিপ্লবে ছাত্রদলের ১৪২ জন টাটকা তরুণ, তাজা প্রাণ ঝরে গেল, যারা বলে যে এখানে কোনো অবদান নেই—তারা এই শহীদদের রক্তকে অপমান করছেন।’
রিজভী বলেন, ‘জিয়াউর রহমানের আদর্শ ও দর্শনকে ধারণ করেই জাতীয়তাবাদী ছাত্রদল তার পথচলা শুরু করে এগিয়ে যায় এবং আজকের এই অবস্থায় উপনীত হয়েছে।’
পরিস্থিতি যেটাই হোক না কেন, জাতীয়তাবাদী ছাত্রদল তার আদর্শের ওপর ভিত্তি করে আবার এগোবে, আবার এগিয়ে যাবে বলে প্রত্যাশা রাখেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব।



