তেল, গ্যাস ও বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে আগামী ৫ সেপ্টেম্বর ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে লংমার্চের ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। কর্মসূচিতে শুরুতে পাঁচ থেকে ছয় হাজার গাড়ি রাখার পরিকল্পনা থাকলেও জনদুর্ভোগের বিষয়টি বিবেচনায় নিয়ে তা কমিয়ে প্রায় এক হাজার গাড়ি করা হয়েছে বলে জানিয়েছেন দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
আজ বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর দলীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান তিনি।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘শুরুতে লংমার্চে পাঁচ থেকে ছয় হাজার গাড়ি নেয়ার পরিকল্পনা ছিল। তবে জনদুর্ভোগের বিষয়টি বিবেচনায় নিয়ে তা কমিয়ে প্রায় এক হাজার গাড়ি করা হয়েছে।’
তিনি বলেন, ‘সরকার তেল-গ্যাস-বিদ্যুতের দাম বাড়িয়ে দিয়েছে। এ অবস্থা থেকে কিভাবে পরিত্রাণ পাওয়া যায়, সেজন্যই আমাদের এই কর্মসূচি।’
এনসিপির কর্মসূচি অনুযায়ী, আগামী ৫ সেপ্টেম্বর সকাল ৭টায় রাজধানীর শাপলা চত্বর থেকে লংমার্চ শুরু হবে। সকাল ৭টা থেকে ৮টা পর্যন্ত সেখানে উদ্বোধনী কর্মসূচি ও দলের শীর্ষ নেতাদের বক্তব্য অনুষ্ঠিত হবে। এরপর গাড়িবহর চট্টগ্রামের উদ্দেশে যাত্রা করবে।
জনদুর্ভোগ কমাতে পুলিশের সাথে আলোচনা করে কর্মসূচির রুট ও যান চলাচলের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানান নাসীরুদ্দীন পাটওয়ারী।
তিনি বলেন, ‘দু’টি লাইনে আমাদের কোনো গাড়ি থাকবে না, একটি লাইনে থাকব।’ একইসাথে অ্যাম্বুলেন্সসহ জরুরি যান চলাচলে যাতে কোনো ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি না হয়, সে বিষয়েও সতর্ক থাকার কথা জানান তিনি।
নির্ধারিত সূচি অনুযায়ী, সকাল ৯টায় সিদ্ধিরগঞ্জের চিটাগাং রোড ট্রাক স্ট্যান্ডে প্রথম পথসভা অনুষ্ঠিত হবে। এরপর দুপুর ১২টায় কুমিল্লায় কর্মসূচি পালন শেষে বেলা ৩টার দিকে ফেনীর মহিপালে পৌঁছানোর কথা রয়েছে লংমার্চের।
পরে বিকেল ৫টা পর্যন্ত মিরসরাইয়ে কর্মসূচি শেষে রাত ৯টায় চট্টগ্রামের পলোগ্রাউন্ড মাঠে লংমার্চের সমাপনী সমাবেশ অনুষ্ঠিত হবে।
নাসীরুদ্দীন পাটওয়ারী জানান, ফেনী ও মিরসরাইয়ে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরাও লংমার্চের কর্মসূচিতে অংশ নেবেন। চট্টগ্রামের পলোগ্রাউন্ড মাঠে বড় ধরনের জনসমাগম হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
দেশবাসীর উদ্দেশে এনসিপির এই মুখ্য সমন্বয়ক বলেন, ‘আপনি আছেন, আপনার কাছে আমরা আসছি। আপনাদের কথাগুলো আমরা শুনতে চাই।’
মানুষের বিভিন্ন সমস্যা ও দাবির কথা সরাসরি জানতে এবং নতুন বাংলাদেশ গঠনের বিষয়ে জনগণের সাথে আলোচনা করতেই এই কর্মসূচি নেয়া হয়েছে বলে জানান তিনি।
সংবাদ সম্মেলনে এনসিপির সদস্য সচিব ও রংপুর-৪ আসনের সংসদ সদস্য আখতার হোসেন, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমসহ দলটির কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।



