বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিনের জাতীয় পরিষদ সদস্য ও চাঁদপুর জেলা সভাপতি এবং চাঁদপুরের কচুয়া উপজেলার নিশ্চিন্তপুর কামিল মাদরাসার প্রধান মুহাদ্দিস মাওলানা নূরুজ্জামানের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন বিরোধীদলীয় নেতা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমান।
রোববার (৬ সেপ্টেম্বর) শোকবাণীতে তিনি বলেন, মাওলানা মো: নুরুজ্জামান ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে ৩ সেপ্টেম্বর বাদ মাগরিব ঢাকাস্থ ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৫৬ বছর বয়সে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার স্ত্রী ও ৩ পুত্রসহ বহু আত্মীয়-স্বজন রয়েছে। আমি তার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করছি।
গত ৪ সেপ্টেম্বর সকাল ১০টার দিকে কুমিল্লা জেলার বরুড়া উপজেলার আড্ডা ডিগ্রি কলেজ মাঠে জানাজা শেষে মাওলানা মো: নুরুজ্জামানকে পারিবারিক কবরস্থান আড্ডায় দাফন করা হয়।
জামায়াত আমির আরো বলেন, মাওলানা মো: নুরুজ্জামান ইলমে হাদীস তথা দ্বীনি ইলমের চর্চায় নিজেকে নিয়োজিত রেখেছিলেন। কোরআন ও হাদীসের শিক্ষা ও শিক্ষা দান, বিস্তার ও প্রসারে তার অনেক অবদান রয়েছে। একজন প্রথিতযশা আলেম, মুফাসসির ও ওয়ায়েজ হিসেবে তিনি খ্যাতিলাভ করেছেন। তার ইন্তেকালে জাতি একজন আলেমেদ্বীনকে হারাল। আমরা তার ইন্তেকালে শোকাহত।
ডা: শফিকুর রহমান বলেন, মহান আল্লাহ রাব্বুল আলামীন তার গুনাহসমূহ ক্ষমা করে দিয়ে তাকে জান্নাতে উচ্চ মাকাম দান করুন। আমি তার শোকাহত পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন, শুভাকাকাঙ্ক্ষী ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।



