শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী উপলক্ষে দুস্থ ও অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেলের নির্দেশনায় ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক দলের আহ্বায়ক কমিটির সদস্য ও ৯ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা হাবিবুল্লাহ মাহবুবের উদ্যোগে শনিবার (৬ জুন) বিকেল ৩টায় আরামবাগ হাইস্কুল প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে এলাকার দুস্থ, অসহায় ও নিম্নআয়ের মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এ সময় হাবিবুল্লাহ মাহবুব শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে বলেন, ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের স্বাধীনতা, গণতন্ত্র ও জাতীয়তাবাদের এক অবিস্মরণীয় প্রতীক। তার আদর্শ ও দেশপ্রেম আমাদের জনকল্যাণমূলক কর্মকাণ্ডে অনুপ্রেরণা জোগায় এবং জনগণের পাশে থাকার শিক্ষা দেয়।’
তিনি আরো বলেন, ‘জিয়াউর রহমানের আত্মত্যাগ ও কর্মময় জীবন নতুন প্রজন্মের জন্য আদর্শ হয়ে থাকবে। তার স্বপ্নের সমৃদ্ধ বাংলাদেশ গড়তে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’
খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচিতে ৯ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন। উপস্থিত নেতারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রূহের মাগফিরাত কামনা করেন এবং তার আদর্শ বাস্তবায়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।



