তারেক রহমানের নেতৃত্বে দেশ অপ্রতিদ্বন্দ্বী রাষ্ট্র হবে : মির্জা ফখরুল

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তারেক রহমানের নেতৃত্বে যুবদল দেশের উন্নয়ন ও রাষ্ট্র সংস্কারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে বাংলাদেশকে আরো শক্তিশালী রাষ্ট্রে পরিণত করতে সক্ষম হবে।

অনলাইন প্রতিবেদক
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা নিবেদন
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা নিবেদন |নয়া দিগন্ত

স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশ সরকারের একটা নীতি হচ্ছে যুবককে তারা সামনে আনতে চান, তরুণদেরকে সামনে আনতে চান এবং তারুণ্যের হাতেই বাংলাদেশের উন্নয়ন নির্ভর করছে। বিশ্বাস করি, বাংলাদেশের নেতা ডাইনামিক লিডার তারেক রহমানের নেতৃত্বে সামনের দিকে এগিয়ে যাবে যুবদল। বাংলাদেশকে একটি অপ্রতিদ্বন্দী একটি রাষ্ট্রে পরিণত করতে সক্ষম হবে।

শনিবার (১৩ জুন) যুবদলের নবগঠিত কমিটিকে নিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন।

যুবদলের পূর্ণাঙ্গ কমিটিকে কেন্দ্র করে এদিন সকাল থেকেই দেশের বিভিন্ন জেলা ও মহানগর ইউনিটের নেতাকর্মীরা রাজধানীতে জড়ো হন। পরে নবগঠিত কেন্দ্রীয় কমিটির সদস্যদের সাথে নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা নিবেদন করেন সংগঠনটি।

এসময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে শ্রদ্ধা নিবেদনে অংশ নেন স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, বিএনপি ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, বিএনপির উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল, যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন প্রমুখ।

তারেক রহমানের ভিশন বাস্তবায়নে যুবদল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করে বিএনপি মির্জা ফখরুল বলেন, বিএনপি ঘোষিত রাষ্ট্র সংস্কার ও উন্নয়নের ভিশন বাস্তবায়নে যুবদল অগ্রণী ভূমিকা পালন করবে।

তিনি নতুন কমিটির নেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতারা দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন।