মোহাম্মদ সেলিম উদ্দিন

সরকার ভিন্নমতের ওপর দলন-পীড়নের পথ বেছে নিয়েছে

সেলিম উদ্দিন বলেন, ‘বিরোধী দলকে আদর্শিকভাবে মোকাবেলা করতে না পেরে সরকার ফ্যাসিবাদী কায়দায় সভা–সমাবেশে হামলা চালাচ্ছে। এটি তাদের অগণতান্ত্রিক মানসিকতার পরিচয়।’

নয়া দিগন্ত অনলাইন
জামায়াত লোগো
জামায়াত লোগো |নয়া দিগন্ত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন বলেছেন, সরকার বিরোধী মতকে যৌক্তিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে দমন-পীড়নের পথ বেছে নিয়েছে।

তিনি রাজধানীর রূপনগরে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের অতর্কিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন এবং অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার করে বিচারের আওতায় আনার আহ্বান জানিয়েছেন।

শুক্রবার ঢাকা–১৬ আসনের এমপি কর্নেল (অব.) আব্দুল বাতেন রূপনগর থানার সেকশন–৬ ট ব্লকে স্থানীয় মুসল্লিদের সাথে মতবিনিময় সভার প্রস্তুতিকালে হামলার ঘটনা ঘটে। এতে ১০ থেকে ১৫ জন নেতাকর্মী আহত হন।

এক বিবৃতিতে মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, ‘বিরোধী দলকে আদর্শিকভাবে মোকাবেলা করতে না পেরে সরকার ফ্যাসিবাদী কায়দায় সভা–সমাবেশে হামলা চালাচ্ছে। এটি তাদের অগণতান্ত্রিক মানসিকতার পরিচয়।’

তিনি আরো বলেন, ‘সংবিধানে প্রত্যেক নাগরিকের স্বাধীনভাবে মত প্রকাশ ও সভা–সমাবেশের অধিকার দেয়া হয়েছে। কিন্তু বর্তমান সরকার সেই সাংবিধানিক অধিকার কেড়ে নিয়ে দেশকে অশান্ত ও নৈরাজ্যকর পরিস্থিতির দিকে ঠেলে দিচ্ছে, যা কোনো সভ্য সমাজে গ্রহণযোগ্য নয়।’

পল্লবীতে ক্ষমতাসীন দলের সন্ত্রাসীদের হামলার ঘটনায় তিনি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং দায়ীদের দ্রুত গ্রেফতার করে বিচারের মুখোমুখি করার দাবি করেন। প্রেস বিজ্ঞপ্তি