‘ভারত-বাংলাদেশ এক হওয়া’ বক্তব্যের ব্যাখ্যা চেয়ে আহ্বান জামায়াতের

দিনেশ ত্রিবেদীর ‘ভারত-বাংলাদেশ এক হয়ে যাওয়া’ মন্তব্যের ব্যাখ্যা চেয়ে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন ডা: শফিকুর রহমান। তিনি বলেন, বক্তব্যটি স্পষ্ট না হলে জনমনে বিভ্রান্তি তৈরি হতে পারে এবং এর ব্যাখ্যা জানা প্রয়োজন।

নয়া দিগন্ত অনলাইন
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমান
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমান |ফাইল ছবি

বাংলাদেশে নিযুক্ত নতুন ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদীর একটি বক্তব্যের ব্যাখ্যা চেয়ে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমান।

শনিবার (১৩ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে তিনি এই আহ্বান জানান।

ফেসবুক পোস্টে জামায়াত আমির লেখেন, গতকাল বাংলাদেশে নতুন ভারতীয় হাইকমিশনার জনাব দিনেশ ত্রিবেদী পৌঁছানোর পর তার একটি বক্তব্য আমাদের দৃষ্টিগোচর হয়েছে। তিনি ‘ভারত-বাংলাদেশের এক হয়ে যাওয়া’ বলতে কী বুঝিয়েছেন, আমাদের সরকারের উচিত হবে তার কাছ থেকে তা জেনে নেয়া।

বাংলাদেশ ও ভারতের স্বাধীন সার্বভৌমত্বের কথা উল্লেখ করে তিনি আরো বলেন, ভারত যেমন একটি স্বাধীন দেশ, বাংলাদেশও তেমনি একটি স্বাধীন দেশ। তার এ বক্তব্য স্পষ্ট না হলে জনমনে অবশ্যই বিভ্রান্তি তৈরি হবে।

এ বিষয়ে সরকারের হস্তক্ষেপ কামনা করে ডা: শফিকুর রহমান বলেন, ‘আমরা আমাদের সরকারের কাছে এ বিষয়টির সুরাহা চাই। যদি তিনি আক্ষরিক অর্থে এ ধরনের কিছু বুঝিয়ে থাকেন, তাহলে অবশ্যই তা নিন্দনীয়। বিষয়টি স্পষ্ট হওয়া দরকার।’