বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ‘বর্তমান সরকার নারীদের সমস্ত নাগরিক মর্যাদা, নারীদের বেঁচে থাকা ও নারীদের আইনি অধিকারের প্রত্যেকটি নিশ্চিত করবে। আর এজন্য নারীদেরকে শিক্ষার আলোয় আলোকিত হওয়া এবং নারীদেরকে আর্থিকভাবে স্বাবলম্বী হতে হবে।’
আজ শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রাপূর্বক বক্তব্যে এ কথা বলেন তিনি।
রুহুল কবির রিজভী বলেন, ‘আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার অনেক প্রচেষ্টা ও অনেক উদ্যোগ সরকার নিয়েছে। আর শিক্ষায় আলোকিত হওয়া—আজকে প্রধানমন্ত্রীর মা, তিনি ইন্টারমিডিয়েট পর্যন্ত অবৈতনিক করেছিলেন (বেতন লাগবে না স্কুল-কলেজে পড়লে)। আর তার জ্যেষ্ঠ সন্তান, বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ সন্তান করেছেন ডিগ্রি এবং মাস্টার্স পর্যন্ত অবৈতনিক হবে; কোনো বেতন লাগবে না মেয়েদের পড়াশোনার ক্ষেত্রে। তো এটা তো হচ্ছে জনহিতকর এবং নারীদের ক্ষমতায়ন। নারীদের শিক্ষায় আলোকিত হওয়া ও নারীরা আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার এই পদক্ষেপ ও কর্মসূচি চালাতে হবে।’
সরকারের যে কর্মসূচী, সেই কর্মসূচীর প্রতি লক্ষ্য রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘সরকার জনগণের জন্য, মানুষের জন্য এবং সামাজিক সুরক্ষার জন্য কী অবদান রাখছে— নেতাকর্মীরা তা জনগণের মাঝে বলবেন।’
তিনি আরো বলেন, ‘তারেক রহমানের সরকারের ফ্যামিলি কার্ড একটি যুগান্তকারী পদক্ষেপ। এটা মহিলা দল সবার মাঝে তুলে ধরবে এবং এই সমাজ থেকে ধর্ষণ, নারী নির্যাতন, শিশু নির্যাতনসহ যত ধরনের অপকর্ম আছে, সব মুছে দেব। জাতীয়তাবাদী মহিলা দল সেই কাজ করবে।’
বর্তমান সরকারের আমলে কোনো ধরনের অপকর্ম করার সুযোগ নেই জানিয়ে রিজভী বলেন, ‘এখন তো দেশে বিচারবির্ভূত হত্যা, গুম খুন কেউ হচ্ছে না।’
বর্তমান সরকার নারীদের সুযোগ সুবিধা নিশ্চিত করবে। সেজন্য মহিলা দলকে নারী ক্ষমতায়ন ও উন্নয়নে কাজ করার আহ্বান জানান রিজভী।
বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদিকা সুলতানা আহমেদের সঞ্চালনায় আলোচনা সভা শেষে মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বের হয়ে নাইটিঙ্গেল মোড় ঘুরে আবার কেন্দ্রীয় কার্যালয়ে সামনে এসে শেষ হয়।



