দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে বিমানবন্দর সাংগঠনিক ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুর রউফ ও সাধারণ সম্পাদক রানা হোসেন রুবেলকে দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
গতকাল সোমবার (৩১ আগস্ট) ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক এবং সদস্য সচিব মোস্তফা জামান এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন।
এর আগে প্রবাসীর পাঠানো স্বর্ণালঙ্কার ছিনতাইয়ের ঘটনায় সম্পৃক্ততার অভিযোগে বিমানবন্দর থানা ছাত্রদলের সভাপতি মো: রিপন হোসেন এবং সাধারণ সম্পাদক আল আমিন হোসেন শান্তকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। একইসাথে সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীদের তাদের সাথে যেকোনো ধরনের সাংগঠনিক যোগাযোগ ও সম্পর্ক ছিন্ন করার নির্দেশ দেয়া হয়েছে।
ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোমবার এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
মামলার এজাহার ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ২৮ আগস্ট মালয়েশিয়া প্রবাসী কাউসার হোসেন তার বোনের বিয়ের জন্য এক পরিচিত ব্যক্তির মাধ্যমে দেশে ২০০ গ্রাম স্বর্ণালঙ্কার পাঠান। বিমানবন্দর থেকে তা গ্রহণ করেন প্রবাসীর ছোট ভাই মো: সুমন ও তার বন্ধু রোহান। বিমানবন্দর এলাকা থেকে বের হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে আসার পর তাদের পথরোধ করেন ছাত্রদল সভাপতি রিপন, সাধারণ সম্পাদক আল আমিন, বিমানবন্দর সাংগঠনিক ইউনিট বিএনপির সভাপতি আব্দুর রউফ এবং সাধারণ সম্পাদক রুবেল। ভয়ভীতি দেখিয়ে ভুক্তভোগীদের ওপর অতর্কিত হামলা চালান তারা। মারধরের একপর্যায়ে তারা ২০০ গ্রাম স্বর্ণালঙ্কার ছিনিয়ে নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।
এ ঘটনায় পরদিন ২৯ আগস্ট ভুক্তভোগী মো: সুমন বিমানবন্দর থানায় একটি ছিনতাই মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর পুলিশ অভিযান চালিয়ে বিমানবন্দরের ১ নম্বর সেক্টর এলাকা থেকে আল আমিন হোসেন শান্ত ও বিএনপি নেতা আব্দুর রউফকে গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে ছিনতাই হওয়া স্বর্ণের মধ্যে ১০০ গ্রাম উদ্ধার করা হয়।
গ্রেফতারদের আদালতে হাজির করে এক দিনের রিমান্ডে নেয় পুলিশ। রিমান্ড শেষে সোমবার তাদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন জানান তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) সাব্বির হোসেন।



