ভারত এ পর্যন্ত সুপ্রতিবেশীর পরিচয় দিতে পারেনি : সাইফুল হক

‘আমাদের একজন উপদেষ্টা (প্রধানমন্ত্রী উপদেষ্টা) দিল্লিতে গিয়ে ঢুকতে পারেননি। দিল্লির ইমিগ্রেশনে তাকে আড়াই ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়েছে।’

অনলাইন প্রতিবেদক
সাইফুল হক
সাইফুল হক |নয়া দিগন্ত

ভারতকে ইঙ্গিত দিয়ে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, ‘১৯৭১ সালের মুক্তিযুদ্ধে অবদানের জন্য আপনাদের (ভারত) কৃতজ্ঞতা জানাই। কিন্তু আপনারা এ পর্যন্ত সুপ্রতিবেশীর কোনো পরিচয় দিতে পারেননি।’

সোমবার (১৫ জুন) বিকেলে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও প্রবীণ রাজনৈতিক নেতা মোস্তফা মহসিন মন্টুর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক স্মরণসভায় তিনি একথা বলেন।

সাইফুল হক বলেন, ‘গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বড় আলোচনার বিষয় হচ্ছে—আমাদের একজন উপদেষ্টা (প্রধানমন্ত্রী উপদেষ্টা) দিল্লিতে গিয়ে ঢুকতে পারেননি। দিল্লির ইমিগ্রেশনে তাকে আড়াই ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তিনি অনুমতি নিয়ে গিয়েছিলেন এবং তারা জানতেন যে তিনি দিল্লি বৈঠকে অংশ নেবেন। তিনি ডাক্তার জাহিদুর রহমান। ভারপ্রাপ্ত হাইকমিশনারকে সম্ভবত পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডাকা হয়েছে। এটি একটি অবিশ্বাস্য ব্যাপার।’

তিনি আরো বলেন, ‘ভারত ১২ ফেব্রুয়ারির নির্বাচনের পরে বারবার করে বার্তা দিচ্ছে যে তারা বাংলাদেশের সাথে একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করতে চায়। কিন্তু বাংলাদেশের একজন উপদেষ্টাকে বা একজন প্রতিমন্ত্রীর পদমর্যাদার উপদেষ্টাকে যদি এভাবে আড়াই ঘণ্টা বসিয়ে রেখে হ্যারাস করা হয়, এটি বন্ধুত্বের নমুনা?’

তিনি বলেন, ‘পরিষ্কার বলতে চাই, ভারতের উচিত হবে এ ব্যাপারে দুঃখ প্রকাশ করা এবং বাংলাদেশের কাছে ক্ষমা প্রার্থনা করা।’

ভারতের সমালোচনা করে তিনি বলেন, ‘আমার সীমান্তে হত্যাকাণ্ড অব্যাহত আছে। শত শত মানুষকে নোম্যান্স ল্যান্ডে বা সীমান্তে বিএসএফ বাংলাদেশে ঠেলে দেয়ার চেষ্টা করছে। এটি কোনো বন্ধুত্বের নমুনা হতে পারে না, এটি কোনো বন্ধুত্বের পরিচয় হতে পারে না। কৃতজ্ঞতা জানাই ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে অবদানের জন্য। কিন্তু আপনারা এ পর্যন্ত সুপ্রতিবেশীর কোনো পরিচয় দিতে পারেননি।’