সংসদ অধিবেশন থেকে বিরোধী দলের ওয়াকআউট

‘আমরা পুরা সংস্কার চাই, আমরা গণভোটের বাস্তবায়ন চাই এবং আমরা এইভাবে কোনো প্রসেসের অংশ হতে চাই না। এজন্য আমরা এখন আর কোনো আলোচনায় অংশগ্রহণ করব না, এই পর্বে আমরা ওয়াকআউট করছি।’

নয়া দিগন্ত অনলাইন
সংসদ অধিবেশন থেকে বেরিয়ে যাচ্ছেন বিরোধী দলের সদস্যরা
সংসদ অধিবেশন থেকে বেরিয়ে যাচ্ছেন বিরোধী দলের সদস্যরা |সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের প্রথম দিনেই ওয়াকআউট করেছে বিরোধী দল।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সংসদের আইন প্রণয়ন কার্যাবলি শুরুতেই, সরকারি দলের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে সংসদ থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত জানান বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ড. শফিকুর রহমান।

এ সময় সরকারের বিরুদ্ধে একপেশেভাবে সংসদ পরিচালনার অভিযোগ তোলেন তিনি।

বিরোধীদলীয় নেতা বলেন, বিদ্যুৎ খাতের অব্যবস্থাপনা, গ্যাসের তীব্র সঙ্কট, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি- এমন নানা বিষয়ে সংসদে আলোচনার জন্য সংসদ অধিবেশন আহ্বানের কথা বলা হলেও ডাকা হয়নি।

সংসদ আহ্বান করা হয়েছে, কিন্তু গণভোটের রায় বাস্তবায়নের বিষয়ে এই সংসদে কোনো সমাধান হয়নি- বলেও অভিযোগ করেন তিনি।

এছাড়া, গণভোটের রায় মানা হয়নি বরং ১৩৩টা অর্ডিনেন্স এর মধ্যে ২০টিকে বাদ দেয়া হয়েছে বলেও মন্তব্য করেন বিরোধী দলের নেতা।

তিনি বলেন, ‘সব কিছুতে সংসদকে একপেশেভাবে নিয়ে যাওয়া হচ্ছে।’

এসব কারণ উল্লেখ করে সংসদ থেকে ওয়াকআউটের সিদ্ধান্ত জানান বিরোধীদলীয় নেতা।

তিনি বলেন, ‘আমরা পুরা সংস্কার চাই, আমরা গণভোটের বাস্তবায়ন চাই এবং আমরা এইভাবে কোনো প্রসেসের অংশ হতে চাই না। এজন্য আমরা এখন আর কোনো আলোচনায় অংশগ্রহণ করব না, এই পর্বে আমরা ওয়াকআউট করছি।’