‘প্রধানমন্ত্রী’ নির্দিষ্ট দল বা আসনের নন, ৩০০ আসনের : জামায়াত আমির

‘প্রধানমন্ত্রী’ নির্দিষ্ট কোনো দল বা আসনের নন, তিনি সারাদেশের তথা ৩০০ আসনের। তাই আমি আমার আসনের উন্নয়নের দায়িত্ব তার হাতেই অর্পণ করেছি। তিনি সংসদের অভিভাবক হিসেবে তা গ্রহণ করেছেন।’

নয়া দিগন্ত অনলাইন

Location :

Dhaka City
ঢাকা-১৫ আসনে মতবিনিময় সভায় জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমান
ঢাকা-১৫ আসনে মতবিনিময় সভায় জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমান |নয়া দিগন্ত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা: শফিকুর রহমান বলেছেন, ‘প্রধানমন্ত্রী’ নির্দিষ্ট কোনো দল বা আসনের নন, তিনি সারাদেশের তথা ৩০০ আসনের। তাই আমি আমার আসনের উন্নয়নের দায়িত্ব তার হাতেই অর্পণ করেছি। তিনি সংসদের অভিভাবক হিসেবে তা গ্রহণ করেছেন।’

এসময় তিনি জানান, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমকে ঢাকা-১৫ আসনের বিষয়টি দেখভাল করার দায়িত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী।

বুধবার (১ জুলাই) নানাবিধ সমস্যায় জর্জরিত ঢাকা-১৫ আসনের ৪টি ওয়ার্ড সরেজমিনে পরিদর্শন শেষে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

ডা: শফিকুর রহমান আরো বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ীই আমরা ঢাকা-১৫ আসনের বিভিন্ন এলাকা পরিদর্শন করে সমস্যাগুলো চিহ্নিত করার চেষ্টা করেছি। আমরা সম্ভাব্য স্বল্প সময়ের মধ্যেই এসব সমস্যা সমাধানের চেষ্টা করব—ইনশাআল্লাহ।’

এসময় তিনি ঢাকা-১৫ আসনের নানামুখী সমস্যা নিরসনে পৃথক চারটি মতবিনিময় সভায় অংশ নেন।

‘দেশ আমাদের সবার’ উল্লেখ করে সরকার, বিরোধী দলসহ ১৮ কোটি জনগণকে ঐক্যবদ্ধ করে দেশকে সামনের দিকে এগিয়ে নেয়ার আহ্বান জানান ডা: শফিকুর রহমান।

এসময় তিনি তিনি সরকারের উন্নয়নকাজে স্থানীয় জনগণকে সর্বাত্মক সহযোগিতা করার আহ্বান জানান।

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা বলেন, ‘ঢাকা-১৫ আসন নানাবিধ সমস্যায় জর্জরিত। মাত্রাতিরিক্ত খানাখন্দ, ভঙ্গুর রাস্তা ও রাস্তার মাঝখানে লাইট পোস্ট থাকার কারণে জনজীবন বিপর্যস্ত। সর্বোপরি এ আসনে পানির সমস্যা প্রকট। জলাবদ্ধতা, পানিতে দুর্গন্ধ, গ্যাসের সমস্যা, কিশোর গ্যাং ও রাস্তায় রাস্তায় জটলা এখানকার উল্লেখযোগ্য সমস্যা। প্রধানমন্ত্রীর দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী এবং ডিএনসিসির প্রশাসকসহ আমরা সমস্যা সমাধানে বাস্তবসম্মত উদ্যোগ গ্রহণ করার চেষ্টা করছি।’

তিনি এ মহতী উদ্যোগ গ্রহণের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, ‘সংসদের বিরোধীদলীয় নেতার আহ্বানে সাড়া দিয়ে প্রধানমন্ত্রী ঢাকা-১৫ আসনের সমস্যা সমাধানের জন্য আমাকে দায়িত্ব দিয়েছেন। বাংলাদেশের ইতিহাসে এমন নজির বা দৃষ্টান্ত নেই। এটিই আমাদের ভবিষ্যৎ সম্ভাবনা ও পরিবর্তন। বিরোধীদলীয় নেতা এমন এক ব্যক্তিত্ব, যিনি মুহূর্তের মধ্যেই সংসদের পরিবেশের ভারসাম্য আনতে সক্ষম হন।’

তিনি জনগণকে ধৈর্য ধারণের আহ্বান জানিয়ে বলেন, ‘পর্যায়ক্রমেই সকল সমস্যার সমাধান করা হবে। রাতারাতিই কোনো কিছু করা সম্ভব নয়।’

প্রতিমন্ত্রী পরিবর্তনের ধারায় সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুর রহমান মিল্টন বলেন, ‘দেশ কোনো বিশেষ গোষ্ঠী বা দলের নয়, বরং সবার। তাই সকলকে ঐক্যবদ্ধ হয়েই সকল সমস্যার সমাধানে কাজ করে যেতে হবে।’

তিনি ঢাকা-১৫ আসনের উন্নয়নে বিশেষ দৃষ্টি দেয়ার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

উল্লেখ্য, ঢাকা-১৫ আসনের ৪টি ওয়ার্ড ক্রমান্বয়ে বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা: শফিকুর রহমান, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুর রহমান মিল্টন পরিদর্শন করার পর সঙ্কট নিরসনে একই মঞ্চে মতবিনিময় সভায় অংশ নেন।

এর আগে তারা ইব্রাহিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের রাস্তা (১৬ নম্বর ওয়ার্ড), পশ্চিম শেওড়াপাড়া ৩ নম্বর গলি (১৪ নম্বর ওয়ার্ড), পূর্ব মনিপুর বাইতুর রহিম জামে মসজিদ সংলগ্ন রাস্তা (১৩ নম্বর ওয়ার্ড) এবং বাইশটেকি সরকার বাড়ি (৪ নম্বর ওয়ার্ড) এলাকা দেখতে সরেজমিনে পরিদর্শন করেন।

এ সময় স্থানীয় জনগণ তাদের সমস্যার কথা তুলে ধরেন। নেতৃবৃন্দ এসব সমস্যা সমাধানের আশ্বাস প্রদান করেন।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি ডা: ফখরুদ্দিন মানিক, ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো: আমিনুল ইসলাম, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামুন-উল-হাসান, কাফরুল থানার অফিসার-ইন-চার্জ সাজ্জাদ হোসেন, মিরপুর থানা আমির ও কাফরুল থানা জামায়াতের আমির এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহানগর নেতারা।