বাংলাদেশ খেলাফত মজলিসের কুষ্টিয়া জেলা শাখার নির্বাহী সদস্য ও দৌলতপুর উপজেলা সভাপতি মাওলানা আসাদুজ্জামান আসাদকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত একটি মিথ্যা মামলায় অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছে বলে দাবি করেছে বাংলাদেশ খেলাফত মজলিস। দলটি মাওলানা আসাদের এমন গ্রেফতারের বিষয়ে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।
মঙ্গলবার (৩০ জুন) এক বিবৃতিতে মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ এই প্রতিবাদ জানান।
বিবৃতিতে তিনি বলেন, ঘটনার স্পষ্ট ভিডিও ফুটেজ প্রশাসনের হাতে থাকা সত্ত্বেও প্রকৃত অপরাধীদের শনাক্ত ও গ্রেফতার না করে একজন নিরপরাধ আলেম ও সজ্জন রাজনৈতিক ব্যক্তিত্বকে মামলায় জড়িয়ে গ্রেফতার করা চরম অন্যায় এবং স্বৈরাচারী মানসিকতার বহিঃপ্রকাশ।
তিনি বলেন, কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার কথিত পীর শামীম হত্যা মামলার ঘটনায় মাওলানা আসাদুজ্জামান আসাদের ন্যূনতম কোনো সম্পৃক্ততা নেই। অথচ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে এবং বিরোধী রাজনৈতিক মতকে দমন করার হীন মানসিকতা থেকে প্রশাসন তাকে এ মামলায় জড়িয়ে অন্যায়ভাবে গ্রেফতার করেছে। আইনের প্রতি শ্রদ্ধাশীল নাগরিক হিসেবে তিনি স্বেচ্ছায় আদালতে হাজির হয়েছিলেন। কিন্তু তাকে জামিন না দিয়ে কারাগারে পাঠানো হয়েছে, যা অত্যন্ত দুঃখজনক, অন্যায্য ও নিন্দনীয়।
তিনি অন্যায় দমন-পীড়ন বন্ধের আহ্বান জানিয়ে বলেন, বাংলাদেশ খেলাফত মজলিস সব ধরনের হত্যাকাণ্ডের সুষ্ঠু ও নিরপেক্ষ বিচারের পক্ষে। কিন্তু হত্যাকাণ্ডের অজুহাতে নিরপরাধ নাগরিককে হয়রানি করা এবং রাজনৈতিক প্রতিপক্ষকে দমন করার অপচেষ্টা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। দেশবাসী এ ধরনের অন্যায় আচরণ মেনে নেবে না।
মাওলানা জালালুদ্দীন আহমদ অবিলম্বে মাওলানা আসাদুজ্জামান আসাদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত মামলা প্রত্যাহার করে তার নিঃশর্ত মুক্তি দাবি করেন।



