জমির উদ্দিন সরকারকে দাফন করা হবে সংসদ চত্বরে

বাদ জোহর ধানমন্ডি তাকওয়া মসজিদে প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এরপর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

অনলাইন প্রতিবেদক
ব্যারিস্টার জমির উদ্দিন সরকার
ব্যারিস্টার জমির উদ্দিন সরকার |ফাইল ছবি

প্রবীণ রাজনীতিবিদ ও সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের লাশ জাতীয় সংসদ চত্বরে দাফন করা হবে। আজ এ তথ্য জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

তিনি বলেন, বাদ জোহর ধানমন্ডি তাকওয়া মসজিদে প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এরপর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর সংসদ চত্বরে দাফন করা হবে এই প্রবীণ রাজনীতিবিদকে।

এদিকে, বৈরী আবহাওয়ার কারণে তার লাশ সুপ্রিম কোর্ট (হাইকোর্ট) প্রাঙ্গণে নিয়ে যাওয়ার বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেয়া সম্ভব হয়নি বলে জানান তিনি।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, জাতীয় সংসদের সাবেক স্পিকার, ৫২’র ভাষা আন্দোলনের সৈনিক, সাবেক মন্ত্রী ও সুপ্রিম কোর্ট বারের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আজ রোববার ভোর ৪টা ১৯ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।

তার বয়স হয়েছিল ৯৪ বছর। ১৯৩১ সালের ১ ডিসেম্বর পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার নয়াবাড়ি গ্রামে তার জন্ম হয়েছিল।