ঘোষিত বিক্ষোভ মিছিল কর্মসূচি স্থগিত করল বাংলাদেশ খেলাফত মজলিস

তিনি সরকারের শুভবুদ্ধির পরিচয় এবং জনগণের উদ্বেগকে গুরুত্ব দেয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।

নিজস্ব প্রতিবেদক

প্রাথমিক শিক্ষায় সঙ্গীত, নৃত্য ও নাট্যকলাকে বাধ্যতামূলক করার সরকারি উদ্যোগের প্রতিবাদে ঘোষিত আগামী ১৮ জুন ঢাকায় এবং ১৯ জুন দেশব্যাপী বিক্ষোভ মিছিল কর্মসূচি স্থগিত করেছে বাংলাদেশ খেলাফত মজলিস।

মঙ্গলবার (১৬ জুন) এক বিবৃতিতে দলটির মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ এ তথ্য নিশ্চিত করেন।

বিবৃতিতে তিনি বলেন, সরকারের সংশ্লিষ্ট পর্যায় থেকে জানানো হয়েছে যে, প্রাথমিক শিক্ষায় সঙ্গীত, নৃত্য ও নাট্যকলাকে বাধ্যতামূলক করার উদ্যোগটি মন্ত্রিপরিষদের অনুমোদন পায়নি এবং বিষয়টি বাস্তবায়নের প্রক্রিয়া থেকে সরকার সরে এসেছে। এ পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় সিদ্ধান্ত মোতাবেক ঘোষিত সব বিক্ষোভ মিছিলের কর্মসূচি স্থগিত করা হয়েছে।

তিনি বলেন, বাংলাদেশ খেলাফত মজলিস মনে করে দেশের ধর্মীয়, সাংস্কৃতিক ও সামাজিক বাস্তবতাকে উপেক্ষা করে ইসলামী মূল্যবোধ, পারিবারিক আদর্শ এবং জনগণের বিশ্বাস-চেতনার সাথে সাংঘর্ষিক কোনো শিক্ষানীতি বা কর্মসূচি চাপিয়ে দেয়ার চেষ্টা জাতীয় ঐক্য, সামাজিক স্থিতিশীলতা ও শিক্ষাব্যবস্থার জন্য ক্ষতিকর।

তিনি বলেন, আশা করি সরকার বিষয়টির গুরুত্ব অনুধাবন করে ভবিষ্যতে এ ধরনের বিতর্কিত উদ্যোগ গ্রহণের ক্ষেত্রে অধিক সতর্কতা অবলম্বন করবে এবং জনগণের ধর্মীয় মূল্যবোধ ও জাতীয় সংস্কৃতির প্রতি যথাযথ শ্রদ্ধাশীল থাকবে।

তিনি আরো বলেন, আমরা উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে প্রশাসন ও নীতিনির্ধারণী কাঠামোর ভেতরে একটি মহল বারবার জনগণের ধর্মীয় অনুভূতি, সামাজিক মূল্যবোধ ও জাতীয় চেতনার সাথে অসামঞ্জস্যপূর্ণ বিভিন্ন প্রস্তাব সামনে নিয়ে আসছে। সরকার এসব উদ্যোগের নেপথ্যে জড়িত ব্যক্তি ও গোষ্ঠীকে চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে বলে আমরা প্রত্যাশা করি।

তিনি সরকারের শুভবুদ্ধির পরিচয় এবং জনগণের উদ্বেগকে গুরুত্ব দেয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।