মিথ্যার ওপর ভিত্তি করে আমাকে তিনবার মৃত্যুদণ্ড দেয়া হয়েছিল : লুৎফুজ্জামান বাবর

‘আমি সাড়ে ১৭ বছর জেলে ছিলাম। আমাকে অন্যায়ভাবে, মিথ্যার ওপর ভিত্তি করে তিনবার মৃত্যুদণ্ড দেয়া হয়েছিল। হাসিনা যদি দেশে আসতে চান এবং বিচারের মুখোমুখি হন, তবে আমি তাকে সাধুবাদ জানাব।’

নয়া দিগন্ত অনলাইন
লুৎফুজ্জামান বাবর
লুৎফুজ্জামান বাবর |ফাইল ছবি

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও নেত্রকোণা-৪ (মোহনগঞ্জ-মদন-খালিয়াজুরী) আসনের সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবর বলেছেন, শেখ হাসিনা দেশে প্রত্যাবর্তন করতে চাইলে করতে পারবেন, তবে উনার ব্যাপারে আইন তার নিজস্ব গতিতে চলবে।

তিনি বলেন, আমি সাড়ে ১৭ বছর জেলে ছিলাম। আমাকে অন্যায়ভাবে, মিথ্যার ওপর ভিত্তি করে তিনবার মৃত্যুদণ্ড দেয়া হয়েছিল। হাসিনা যদি দেশে আসতে চান এবং বিচারের মুখোমুখি হন, তবে আমি তাকে সাধুবাদ জানাব।

বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে জেলার মদন উপজেলার জোবাইদা রহমান মহিলা ডিগ্রি কলেজ প্রাঙ্গণে পূবালী ব্যাংকের উদ্যোগে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচি শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

বিগত সরকারের আমলে নিজের ওপর হওয়া অন্যায়ের কথা স্মরণ করে তিনি বলেন, তার বিচার হয়েছিল সম্পূর্ণ অন্যায় ও মিথ্যার ওপর ভিত্তি করে।

শেখ হাসিনার প্রসঙ্গ টেনে তিনি আরো বলেন, তার বিরুদ্ধে আনীত অভিযোগগুলোর বিষয়ে জাতিসঙ্ঘ বর্তমানে তদন্ত করছে। তিনি বিচারিক প্রক্রিয়ার মুখোমুখি হয়ে বিচারের রায় মেনে নেবেন, দেশের মানুষ সেটাই প্রত্যাশা করে। বাসস