গুলিস্তান হামলা

সন্ত্রাস ও চাঁদাবাজদের গ্রেফতারের দাবি সেলিম উদ্দিনের

মহানগরী উত্তর আমির বলেন, জুলাই বিপ্লব ও ১২ ফেব্রুয়ারি নির্বাচনে নতুন সরকার গঠিত হওয়ার পর জনগণ আশা করেছিল যে দেশে আইন ও সাংবিধানিক শাসন প্রতিষ্ঠিত হবে। দেশে চাঁদাবাজি থেকে শুরু করে সকল প্রকার দুর্নীতি ও লুটপাট চিরতরে বন্ধ হয়ে যাবে। কিন্তু অতি অল্প সময়ের মধ্যেই জনগণ হতাশ হতে শুরু করেছে। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে সরকারি দলের এক শ্রেণির মূল্যবোধহীন নেতাকর্মীদের প্রত্যক্ষ ও পরোক্ষ পৃষ্ঠপোষকতায় সারাদেশে লাগামহীন চাঁদাবাজির মহোৎসব চলছে।

নয়া দিগন্ত অনলাইন
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, ঢাকা মহানগরী উত্তরের আমির সেলিম উদ্দিন
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, ঢাকা মহানগরী উত্তরের আমির সেলিম উদ্দিন |সংগৃহীত

গত শুক্রবার রাজধানীর গুলিস্তানে চাঁদাবাজির প্রতিবাদে আয়োজিত ব্যবসায়ীদের মিছিলে সন্ত্রাসী চাঁদাবাজদের হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ, অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, ঢাকা মহানগরী উত্তরের আমির ও ডিএনসিসিতে জামায়াত মনোনীত মেয়র প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন।

আজ রোববার এক বিবৃতিতে তিনি এই দাবি জানান।

বিবৃতিতে মহানগরী উত্তর আমির বলেন, সরকারের রহস্যজনক নিরবতা ও উদাসীনতার কারণেই দেশ এখন রীতিমতো চাঁদাবাজদের অভয়ারণ্যে পরিণত হয়েছে। এ অপতৎপরতার সবচেয়ে বড় ভিকটিম হচ্ছে ক্ষুদ্র ব্যবসায়ীরা। আর লাগামহীন চাঁদাবাজিতে বিক্ষুদ্ধ ব্যবসায়ীরা শনিবার বিকেলে রাজধানীর গুলিস্তানে এক বিক্ষোভ মিছিল বের করে। কিন্তু ব্যবসায়ীদের শান্তিপূর্ণ বিক্ষোভে চাঁদাবাজরা হামলা চালিয়ে তাদেরকে কুপিয়ে জখম করে। প্রকাশ্য দিবালোকে এ হামলা চালানো হলেও পুলিশের ভূমিকা ছিল রহস্যজনক। যা দেশের অবনতিশীল আইন-শৃঙ্খলার ভয়াবহ অবনতির কথা স্মরণ করিয়ে দেয়।

তিনি বলেন, জুলাই বিপ্লব ও ১২ ফেব্রুয়ারি নির্বাচনে নতুন সরকার গঠিত হওয়ার পর জনগণ আশা করেছিল যে দেশে আইন ও সাংবিধানিক শাসন প্রতিষ্ঠিত হবে। দেশে চাঁদাবাজি থেকে শুরু করে সকল প্রকার দুর্নীতি ও লুটপাট চিরতরে বন্ধ হয়ে যাবে। কিন্তু অতি অল্প সময়ের মধ্যেই জনগণ হতাশ হতে শুরু করেছে। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে সরকারি দলের এক শ্রেণির মূল্যবোধহীন নেতাকর্মীদের প্রত্যক্ষ ও পরোক্ষ পৃষ্ঠপোষকতায় সারাদেশে লাগামহীন চাঁদাবাজির মহোৎসব চলছে। এ কাজে সহায়তা করছে আইনশৃঙ্খলা বাহিনীর এক শ্রেণির সদস্য। গুলিস্তানের ঘটনায় পুলিশের দায়িত্বহীনতা সে কথায় স্মরণ করিয়ে দেয়।

তিনি ব্যবসায়ীদের শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিলে চাঁদাবাজ সন্ত্রাসীদের হামলা, কুপিয়ে জখম করার তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং অবিলম্বে দায়ীদের আইনের আওতায় আনার দাবি জানান।