বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মো: রেজাউল করিম বলেছেন, বাইয়াতের মর্যাদা অব্যাহতভাবে রক্ষার চেষ্টা করতে হবে। নবীয়ানা জীবন জিন্দেগীর আলোকে জীবন পরিচালনা করতে হবে। জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে।
বুধবার সন্ধ্যায় আল-ফালাহ মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের হাতিরঝিল থানা পশ্চিমের উদ্যোগে আয়োজিত ষান্মাসিক সদস্য (রুকন) সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ড. মো: রেজাউল করিম বলেন, আমাদের সময়কে আমাদের আন্দোলনের নেয়ামত হিসেবে কাজে লাগাতে হবে। কুরআন, হাদিস, সাহিত্য অধ্যয়নকে অনেক বেশি বাড়াতে হবে। মৌলিক ইবাদতসমূহ বাড়াতে হবে।
তিনি আরো বলেন, চলমান সকল কর্মসূচি পালনে রুকনদেরকে সর্বোচ্চ ত্যাগের নজরানা পেশ করতে হবে। মানুষের পাশে থেকে মানুষের জন্য কাজ করতে হবে, মানুষকে সেবা দিতে হবে।
ঢাকা মহানগরী উত্তরের মজলিসে শূরা সদস্য ও হাতিরঝিল থানা পশ্চিমের আমির মো: নূরুল ইসলাম আকন্দের সভাপতিত্বে ও থানা সেক্রেটারি মো: রাশেদুল ইসলাম রাশেদের পরিচালনায় আল-ফালাহ মিলনায়তন, মগবাজারে ষান্মাসিক সদস্য (রুকন) সম্মেলন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও অঞ্চল পরিচালক মো: হেমায়েত হোসেন, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও মহানগরী প্রচার-মিডিয়া সম্পাদক মু. আতাউর রহমান সরকার।
সম্মেলনের শুরুতেই দারসুল কুরআন পেশ করেন গাজীপুর মহানগরী মজলিসে শূরা সদস্য ও বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় শাখা জামায়াতে ইসলামীর সভাপতি প্রফেসর ড. মো: সাইদুল হক।
মহানগরী মজলিসে শূরা সদস্য ও থানা সেক্রেটারি মো: রাশেদুল ইসলাম রাশেদ ষান্মাসিক রিপোর্ট ২০২৬ পেশ করেন। পেশকৃত রিপোর্টের ওপর উপস্থিত সদস্য (রুকন) গণ পর্যালোচনায় অংশগ্রহণ করেন। আগামীদিনে সামগ্রিক কাজের উন্নতি সাধনে প্রত্যয় ব্যক্ত করেন।



