জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, যত বাধা-বিপত্তিই আসুক, ১১ দলীয় ঐক্যের লংমার্চ চট্টগ্রামে পৌঁছাবেই।
শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ১১ দলীয় ঐক্যের ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখী শান্তিপূর্ণ লংমার্চের উদ্বোধনী সমাবেশে তিনি এ কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, ‘২০২৪ সালের ৫ আগস্ট সারা বাংলাদেশের মানুষ লংমার্চ টু ঢাকা কর্মসূচিতে ঢাকায় একত্রিত হয়ে স্বৈরাচারের পতন ঘটিয়েছিল। এবার আমরা ঢাকা থেকে চট্টগ্রাম এবং অন্যান্য বিভাগের উদ্দেশ্যে লংমার্চের যাত্রা শুরু করেছি। নতুন করে যারা স্বৈরাচার হওয়ার পথে এগোচ্ছে, তাদের সেই পথ বন্ধ করার জন্যই আমাদের এই লংমার্চ।’
তিনি বলেন, ‘এই লংমার্চ চাঁদাবাজি, সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে। যারা তেল, গ্যাস ও বিদ্যুতের সিন্ডিকেট করে দাম বাড়ানোর পাঁয়তারা করছে, তাদের বিরুদ্ধেও এই লংমার্চ। যারা ৭০ শতাংশ জনগণের গণরায়ের সঙ্গে প্রতারণা করেছে, তাদের বিরুদ্ধেও এই কর্মসূচি।’
জনগণের প্রতি লংমার্চে অংশ নেয়ার আহ্বান জানিয়ে নাহিদ ইসলাম বলেন, ‘আপনারা দলে দলে এই লংমার্চে অংশগ্রহণ করুন। এটি কোনো ১১ দলের লংমার্চ নয়; এটি বাংলাদেশের আপামর সাধারণ মানুষের লংমার্চ।’
তিনি বলেন, ‘আমরা লংমার্চ শান্তিপূর্ণভাবে পালন করব। তবে সরকার যদি এতে বাধা দেয়ার চেষ্টা করে, তাহলে এই লংমার্চের ছয় দফা এক দফায় পরিণত হবে।’



