বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের রাজনৈতিক সংগ্রাম, বর্তমান বাস্তবতা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে নিজের ভাবনা তুলে ধরেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মাছুম বিল্লাহ।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) এক ফেসবুক পোস্টে তিনি বলেন, ৪৮ বছরের রাজনৈতিক পথচলায় বিএনপি নানা টানাপোড়েন ও চ্যালেঞ্জ অতিক্রম করেছে। তবে জুলাই গণঅভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায় জনগণের প্রত্যাশা পূরণ এবং রাষ্ট্রের ভবিষ্যৎ বিনির্মাণে বিএনপির দায়িত্ব আরো বেড়েছে।
বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শনের কথা উল্লেখ করে তিনি বলেন, স্বাধীনতা-পরবর্তী রাজনৈতিক অস্থিরতার সময়ে ‘বাংলাদেশি জাতীয়তাবাদ’ ও বহুদলীয় গণতন্ত্রের ধারণাকে সামনে রেখে বিএনপির রাজনৈতিক যাত্রা শুরু হয়। ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর দলটি আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে।
মাছুম বিল্লাহ বলেন, জিয়াউর রহমানের শাহাদতের পর বিএনপিকে কঠিন রাজনৈতিক সময় পার করতে হয়েছে। এরশাদবিরোধী আন্দোলন, ওয়ান-ইলেভেন এবং পরবর্তী দীর্ঘ রাজনৈতিক প্রতিকূলতার মধ্যেও দলটি গণতান্ত্রিক আন্দোলনের ধারাবাহিকতা বজায় রেখেছে।
বর্তমানে বিএনপির প্রতি জনগণের প্রত্যাশা অতীতের যেকোনো সময়ের তুলনায় বেশি উল্লেখ করে তিনি বলেন, দেশের মানুষের মৌলিক অধিকার নিশ্চিত, আইনের শাসন প্রতিষ্ঠা, অর্থনৈতিক প্রবৃদ্ধির উপযোগী পরিবেশ সৃষ্টি এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ প্রয়োজন।
তিনি আরো বলেন, তরুণ প্রজন্মকে সামনে রেখে প্রযুক্তিনির্ভর, নিরাপদ ও আধুনিক বাংলাদেশ গড়ে তুলতে হবে। একই সঙ্গে ৩১ দফা বাস্তবায়ন, আমলাতান্ত্রিক জটিলতা নিরসন এবং বিচার ও শাসন বিভাগের স্বাধীনতা নিশ্চিত করার প্রত্যাশা রয়েছে।
প্রতিশোধপরায়ণ রাজনীতির পরিবর্তে বিএনপি ত্যাগের রাজনীতি বেছে নিয়েছে উল্লেখ করে মাছুম বিল্লাহ বলেন, রাষ্ট্রকেন্দ্রিক চিন্তার বদলে জনকেন্দ্রিক ভাবনাকে গুরুত্ব দিয়ে জনগণের আস্থা ও সহযোগিতার ভিত্তিতেই দেশের কাঙ্ক্ষিত পরিবর্তন সম্ভব।



