মির্জা ফখরুলের আসনে উপনির্বাচনের তফসিল চলতি সপ্তাহেই

‘জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনের তফসিল এ সপ্তাহেই অনুষ্ঠিত হবে। সেটার আইটি সাপোর্টেড যে পোস্টাল ভোটিং, সেটারও আমরা প্রস্তুতি নিচ্ছি।’

বিশেষ সংবাদদাতা
মির্জা ফখরুল ইসলাম আলমগীর
মির্জা ফখরুল ইসলাম আলমগীর |ফাইল ছবি

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছেড়ে দেয়া ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনের তফসিল চলতি সপ্তাহেই ঘোষণা হবে।

সোমবার (৭ সেপ্টেম্বর) নির্বাচন ভবনে নির্বাচন কমিশন (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ সাংবাদিকদের এ তথ্য জানান।

ইসি সচিব আখতার আহমেদ বলেন, ‘জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনের তফসিল এ সপ্তাহেই অনুষ্ঠিত হবে। সেটার আইটি সাপোর্টেড যে পোস্টাল ভোটিং, সেটারও আমরা প্রস্তুতি নিচ্ছি। আশা রাখি, অল্প কিছুদিনের মধ্যেই আমরা সিডিউলটা ডিক্লেয়ার করতে পারব। পূজা, পরীক্ষা ইত্যাদি বিবেচনায় নিয়ে নির্বাচনের তারিখ নির্ধারণ করা হবে।’

এর আগে নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার বলেছিলেন, এ নির্বাচনের জন্য আমরা প্রস্তুত।

২২ আগস্ট মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আসনটি শূন্য ঘোষণা করে সংসদ সচিবালয়। এতে বলা হয়- সংবিধানের ৫০(৪) অনুচ্ছেদ অনুযায়ী, গত ২১ আগস্ট তিনি রাষ্ট্রপতির দায়িত্ব নেয়ার দিন থেকে আসনটি শূন্য হয়েছে।

আর ইসি কর্মকর্তারা জানিয়েছেন, নির্বাচন পরিচালনা শাখা এরই মধ্যে উপনির্বাচন আয়োজনের প্রয়োজনীয় নথি প্রস্তুতের কাজ শুরু করেছে। আসনটি শূন্য হওয়ার পরবর্তী ৯০ দিনের মধ্যে ভোট আয়োজনের বাধ্যবাধকতা থাকায় সময় বিবেচনায় নিয়ে প্রস্তুতি এগিয়ে নিচ্ছে কমিশন।

ইসির জ্যেষ্ঠ নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ সম্প্রতি বলেছেন, যেহেতু আসনটি শূন্য হয়ে গেছে। পরবর্তী ৯০ দিনের মধ্যে নির্বাচন করতে হবে। আমরা খুব বেশি সময় নেবো না।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁও-১ আসনে নির্বাচিত হয়েছিলেন। গত ২০ আগস্ট সংসদ সদস্যদের ভোটে তিনি দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হন।