সরকারি দাফতরিক পত্রে ‘নজরুল বর্ষ’র নির্ধারিত লোগো ব্যবহারের নির্দেশ

আগামী ২৫ মে ২০২৭ পর্যন্ত সব সরকারি দাফতরিক পত্রে ‘নজরুল বর্ষ’র নির্ধারিত লোগো ব্যবহার করতে নির্দেশ দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।

নয়া দিগন্ত অনলাইন

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের আদর্শ, চেতনা ও সৃষ্টিকে রাষ্ট্রীয়ভাবে স্মরণ ও সম্মান জানাতে ২০২৬-২০২৭ সালকে ‘নজরুল বর্ষ’ ঘোষণা করেছে সরকার।

এ উপলক্ষে আগামী ২৫ মে ২০২৭ পর্যন্ত সব সরকারি দাফতরিক পত্রে ‘নজরুল বর্ষ’র নির্ধারিত লোগো ব্যবহার করতে নির্দেশ দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।

রোববার (২৬ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগের সাধারণ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ নির্দেশনা দেয়া হয়।

উপসচিব তানিয়া আফরোজ প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের আদর্শ, চেতনা ও সাহিত্যকর্মকে রাষ্ট্রীয়ভাবে তুলে ধরতে সরকার ২৫ মে ২০২৬ থেকে ২৫ মে ২০২৭ পর্যন্ত সময়কে ‘নজরুল বর্ষ’ হিসেবে ঘোষণা করেছে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, প্রধানমন্ত্রী ২ জুলাই ২০২৬ ‘নজরুল বর্ষ’র নির্ধারিত লোগোর উদ্বোধন করেন।

এরপর সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় যথাযথ মর্যাদায় ‘নজরুল বর্ষ’ উদযাপনের অংশ হিসেবে সব সরকারি দফতরের দাফতরিক পত্রে নির্ধারিত লোগো ব্যবহারের অনুরোধ জানায়।

এর পরিপ্রেক্ষিতে মন্ত্রিপরিষদ বিভাগ দেশের সব মন্ত্রণালয়, বিভাগ এবং তাদের অধীনস্থ অধিদফতর, দফতর, পরিদফতর, সংস্থা ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানকে আগামী ২৫ মে ২০২৭ পর্যন্ত সব দাফতরিক পত্রে নির্ধারিত ‘নজরুল বর্ষ’ লোগো ব্যবহার করার নির্দেশ দিয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, জাতীয় কবির আদর্শ ও সৃষ্টিকে জাতির কর্ম ও চেতনায় সমুজ্জ্বল রাখার লক্ষ্যে এ উদ্যোগ নেয়া হয়েছে।

একইসাথে রাষ্ট্রীয় পর্যায়ে ‘নজরুল বর্ষ’ উদযাপনকে আরো অর্থবহ ও সমন্বিত করতে সব সরকারি প্রতিষ্ঠানের দাফতরিক যোগাযোগে লোগো ব্যবহারের ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগের এ নির্দেশনা প্রধানমন্ত্রীর কার্যালয়, সব মন্ত্রণালয় ও বিভাগ, সচিব, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক (ডিসি), উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং সংশ্লিষ্ট সব সরকারি দফতরে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পাঠানো হয়েছে।

সূত্র : বাসস