ভূমিমন্ত্রী মো: মিজানুর রহমান মিনু প্রবাসী কার্ডধারীদের জন্য ভূমিসেবা সহজ ও দ্রুততর করার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে মন্ত্রণালয়ের সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছেন।
মঙ্গলবার (২১ জুলাই) মন্ত্রণালয়ের অফিস কক্ষে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরীর সাথে আলোচনার সময় তিনি এ সকল নির্দেশনা দেন।
এ সময় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক এবং সচিব মো: মোখতার আহমেদ উপস্থিত ছিলেন।
প্রবাসী কল্যাণমন্ত্রী প্রবাসী কার্ডধারীদের জন্য ভূমি অফিসে ভূমি উন্নয়ন কর (খাজনা) প্রবাসী ডেবিট কার্ডের মাধ্যমে পরিশোধের সুবিধা, নামজারি, মিউটেশন ও অন্যান্য ভূমিসেবা স্বল্প সময়ে সম্পন্ন করা, ভূমি অফিসে প্রবাসী কর্নার বা সহায়তা ডেস্ক স্থাপন এবং পাওয়ার অব অ্যাটর্নি দলিল সম্পাদনে অগ্রাধিকার প্রদানে সহযোগিতা করার জন্য ভূমিমন্ত্রীকে অনুরোধ জানান।
জবাবে ভূমিমন্ত্রী বলেন, সরকার নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে প্রবাসীদের সামাজিক মর্যাদা নিশ্চিত করতে এবং বিভিন্ন সেবা প্রদানের লক্ষ্যে প্রবাসী কার্ড চালু করছে।
ভূমি মন্ত্রণালয় অগ্রাধিকার ভিত্তিতে উল্লেখিত সকল সেবা যথাযথভাবে সম্পন্ন করতে সব রকমের সহযোগিতা করবে মর্মে প্রবাসী কল্যাণমন্ত্রীকে প্রতিশ্রুতি প্রদান করেন।
এছাড়া, প্রবাসী কার্ডধারীদের জন্য ভূমিসেবা সহজ করতে মন্ত্রণালয় থেকে একটি ফোকাল পয়েন্ট চালু করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন ভূমিমন্ত্রী। বাসস



