প্রতিবন্ধী ব্যক্তিদের শিক্ষা, পুনর্বাসন, মর্যাদা ও কর্মসংস্থানের অধিকার নিশ্চিত করতে রাজনৈতিক দলগুলোতে তাদের প্রতিনিধিত্ব বাড়ানোর পাশাপাশি সংসদীয় ককাস গঠনের আহ্বান জানানো হয়েছে। একইসাথে বৈশ্বিক পরিসরে প্রতিবন্ধী ব্যক্তিদের যথাযথ সুরক্ষা ও মানুষ হিসেবে সমতার অধিকার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।
বুধবার বাংলাদেশ জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এমপির সাথে সৌজন্য সাক্ষাৎকালে ব্লাইন্ড এডুকেশন অ্যান্ড রিহ্যাবিলিটেশন ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের (বার্ডো) প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মো: সাইদুল হকের নেতৃত্বে প্রতিনিধি দল এসব বিষয়ে মতবিনিময় করে।
সাক্ষাৎকালে ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেন, প্রতিটি মানুষকে সমমর্যাদা দেয়া এবং মানুষের প্রতি শ্রদ্ধাশীল হওয়া আমাদের কর্তব্য। কেউ স্বেচ্ছায় প্রতিবন্ধী হয়ে জন্মায় না। প্রতিবন্ধী ব্যক্তিদের আমাদের প্রতিবন্ধকতা হিসেবে দেখা উচিত নয়। মানুষকে মর্যাদা দেয়া সংসদ সদস্যদের অন্যতম পবিত্র দায়িত্ব।
প্রতিনিধি দলের পক্ষ থেকে প্রতিবন্ধী ব্যক্তিদের শিক্ষার অধিকার নিশ্চিতকরণ, যথাযথ সুরক্ষা এবং সমাজে সমতার অধিকার প্রতিষ্ঠার বিষয়ে আলোচনা করা হয়। পাশাপাশি রাজনৈতিক দলগুলোতে প্রতিবন্ধী ব্যক্তিদের প্রতিনিধিত্ব নিশ্চিত করা এবং সংসদীয় ককাস গঠনের মাধ্যমে তাদের আইনি সুরক্ষা ও মানসম্মত কর্মসংস্থানের সুযোগ নিশ্চিত করার আহ্বান জানানো হয়।
প্রতিনিধি দল প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার প্রতিষ্ঠায় আরো কার্যকর উদ্যোগ গ্রহণের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করে। বিশেষ করে শিক্ষা ও পুনর্বাসনের পাশাপাশি তাদের স্বাবলম্বী করে গড়ে তুলতে রাষ্ট্রীয় ও সামাজিক সহযোগিতা বাড়ানোর বিষয়েও মতবিনিময় হয়।
উল্লেখ্য, ব্লাইন্ড এডুকেশন অ্যান্ড রিহ্যাবিলিটেশন ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (বার্ডো) দৃষ্টিপ্রতিবন্ধীসহ অন্যান্য প্রতিবন্ধী ব্যক্তিদের শিক্ষা, পুনর্বাসন ও স্বাবলম্বী করার লক্ষ্যে কাজ করে আসছে। সংগঠনটির প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মো: সাইদুল হক বাংলাদেশে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার প্রতিষ্ঠা, শিক্ষা ও পুনর্বাসনে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘স্বাধীনতা পুরস্কার-২০২৬’-এ ভূষিত হয়েছেন।



