পানিসম্পদ মন্ত্রীর সাথে বিশ্বব্যাংকের বাংলাদেশ মিশন প্রধানের মতবিনিময়

পানিসম্পদ মন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে বন্যা, নদী ভাঙ্গন, জলবদ্ধতা, লবণাক্ততা ও খরার মতো চ্যালেঞ্জ দিন দিন বাড়ছে। এসব চ্যালেঞ্জ মোকাবেলায় সমন্বিত ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেয়া জরুরি।

নয়া দিগন্ত অনলাইন
মতবিনিময়ে কথা বলছেন পানিসম্পদ মন্ত্রী মো: শহীদউদ্দীন চৌধুরী এ্যানি
মতবিনিময়ে কথা বলছেন পানিসম্পদ মন্ত্রী মো: শহীদউদ্দীন চৌধুরী এ্যানি |সংগৃহীত

পানিসম্পদ মন্ত্রী মো: শহীদউদ্দীন চৌধুরী এ্যানি এমপির সাথে বাংলাদেশে বিশ্বব্যাংকের মিশন প্রধান জ্যাঁ পেসমের মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সচিবালয়ে পানিসম্পদ মন্ত্রণালয়ের সভাকক্ষে এ মতবিনিময় হয়। এ সময় মন্ত্রণালয় ও বিশ্বব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মতবিনিময়কালে পানিসম্পদ মন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে বন্যা, নদী ভাঙ্গন, জলবদ্ধতা, লবণাক্ততা ও খরার মতো চ্যালেঞ্জ দিন দিন বাড়ছে। এসব চ্যালেঞ্জ মোকাবেলায় সমন্বিত ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেয়া জরুরি।

‎মন্ত্রী আরো বলেন, সরকার দেশের নদী-খাল ও জলাশয় খনন ও পুনঃখননের পাশাপাশি নদী ভাঙ্গন ও বন্যার ক্ষয়ক্ষতি কমাতে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করছে। পানিসম্পদের টেকসই ব্যবস্থাপনা নিশ্চিত করতে বিশ্বব্যাংকের অংশীদারিত্ব আরো জোরদারের আহবান জানান তিনি।

‎জ্যাঁ পেসমে বাংলাদেশের পানিসম্পদের উন্নয়ন ও জলবায়ু সহনশীলতা বৃদ্ধিতে বিশ্বব্যাংকের সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন। পানিসম্পদের সমন্বিত পরিকল্পনা, আধুনিক প্রযুক্তির ব্যবহার, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি এবং টেকসই উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

‎এছাড়াও সভায় পানিসম্পদ খাতে চলমান প্রকল্পের অগ্রগতি, ভবিষ্যৎ সহযোগিতার ক্ষেত্র এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। সূত্র : বাসস