মেয়ের বিয়ের দিন-তারিখ ঠিক করতে জমি বিক্রির নগদ টাকা নিয়ে জামালপুর থেকে ঢাকায় এসে মো: ইসমাইল হোসেন (৫০) নামের এক ব্যক্তির রহস্যজনক মৃত্যু হয়েছে।
শুক্রবার রাজধানীর বনানী এলাকা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। মৃত্যুর পর তার সাথে থাকা নগদ ৫ লাখ টাকা, দুটি মোবাইল ফোন ও বাজারের ব্যাগ পাওয়া যায়নি।
নিহত মো: ইসমাইল হোসেন জামালপুর সদর উপজেলার হবদেশ গ্রামের জালাল উদ্দিনের ছেলে।
ইসমাইল হোসেনের ছেলে হাসান জানান, বৃহস্পতিবার রাত ১১টার দিকে তার বাবা ফোন করে জানান, সকালে ঢাকায় পৌঁছাবেন। প্রথমে তার গাজীপুরের জিরানীতে যাওয়ার কথা ছিল। সকালে তিনি জিরানীতে গিয়ে বাবাকে একাধিকবার ফোন করলেও ফোন বন্ধ পান। পরে বনানী থানা থেকে গ্রামের বাড়ির পুলিশ ফাঁড়িতে যোগাযোগের মাধ্যমে বাবার মৃত্যুর খবর পান।
হাসান জানান, তার বাবার পরনে শুধু শার্ট ও লুঙ্গি ছিল। তবে সাথে থাকা নগদ ৫ লাখ টাকা, একটি অ্যান্ড্রয়েড ফোন, একটি বাটন ফোন ও বাজারের ব্যাগ পাওয়া যায়নি।
তিনি আরো জানান, ছোট মেয়ে শারমিনের বিয়ের কথা-বার্তা চূড়ান্ত করতেই তার বাবা ঢাকায় আসছিলেন। মেয়ের বিয়ের খরচ জোগাতে সম্প্রতি তিনি ১১ শতাংশ জমি সাড়ে ১০ লাখ টাকায় বিক্রি করেন। ওই টাকা থেকে ২ লাখ টাকা ঋণ পরিশোধ এবং গ্রামে ঘর তৈরিতে কিছু খরচ করেন। অবশিষ্ট ৫ লাখ টাকা নগদ নিয়ে বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে ঢাকার উদ্দেশে বাড়ি থেকে বের হন।
হাসান আরো জানান, তার বাবা ডেল্টা স্পিনিং মিলে নিরাপত্তাকর্মী হিসেবে চাকরি করতেন। নয় মাস আগে অসুস্থতার কারণে চাকরি ছেড়ে দেয়ার পর পাঁচ মাস পরিবারের সাথে গাজীপুরের কাশিমপুরে ছিলেন। চার মাস আগে তিনি গ্রামের বাড়িতে ফিরে যান।
বনানী থানার উপ-পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম তালুকদার জানান, লাশ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি বলেন, এটি হত্যাকাণ্ড নাকি মলম পার্টি বা অজ্ঞান পার্টির কাজ, তা খতিয়ে দেখা হচ্ছে। নিখোঁজ টাকা ও মোবাইল ফোন উদ্ধারে পুলিশের তদন্ত প্রক্রিয়াধীন রয়েছে।



