বৃক্ষমেলায় প্রধানমন্ত্রীর অন্যরকম একটি দিন

প্রধানমন্ত্রী কাগজের কলমটি পছন্দ করে সরকারি অফিস-আদালতে ব্যবহৃত প্লাস্টিকের কলমের পরিবর্তে পরিবেশবান্ধব এ কলম ব্যবহারের জন্য তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন।

নয়া দিগন্ত অনলাইন
জাতীয় বৃক্ষমেলায় বিভিন্ন স্টল ঘুরে দেখছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
জাতীয় বৃক্ষমেলায় বিভিন্ন স্টল ঘুরে দেখছেন প্রধানমন্ত্রী তারেক রহমান |পিএমও

রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের পাশের মাঠে আজ বৃহস্পতিবার শুরু হয়েছে সপ্তাহব্যাপী জাতীয় বৃক্ষমেলা-২০২৬। উদ্বোধন শেষে সম্মেলন কেন্দ্র প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে তিনি মেলায় অংশ নেয়া পরিবেশবাদী সংগঠনের স্টল এবং ফুল, ফল ও ঔষধি গাছে সাজানো বিভিন্ন নার্সারি ঘুরে দেখেন।

স্টল পরিদর্শনের সময় প্রধানমন্ত্রী প্রতিটি উদ্যোগের খোঁজখবর নেন এবং পরিবেশ সংরক্ষণে তরুণদের অংশগ্রহণ ও উদ্যোগের প্রশংসা করেন।

মেলা প্রাঙ্গণের মঞ্চসংলগ্ন পরিবেশবাদী সংগঠন ‘ক্লাইমেট অ্যাকশন অ্যান্ড জাস্টিস ফাউন্ডেশন’-এর স্টল পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। এ সময় সংগঠনের জলবায়ু ও পরিবেশ সচেতনতামূলক বিভিন্ন কার্যক্রম সম্পর্কে তাকে অবহিত করা হলে তিনি তরুণদের এ উদ্যোগের প্রশংসা করেন এবং শুভকামনা জানান।

স্টল পরিদর্শনের সময় প্রধানমন্ত্রীকে শিশুদের আঁকা একটি ছবি উপহার দেয়া হয়, যা তিনি হাসিমুখে গ্রহণ করেন।

সংগঠনটির চেয়ারম্যান ও সাংবাদিক আরিফুজ্জামান মামুন বলেন, ‘খোদ প্রধানমন্ত্রী যখন আমাদের স্টলে এসে অনুপ্রেরণা দেন, তখন পরিবেশ নিয়ে কাজ করার আগ্রহ আরো অনেক বেড়ে যায়। এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া। সংগঠনের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই।’

পরিবেশবাদী সংগঠন ‘মিশন গ্রিন বাংলাদেশ’-এর স্টলেও যান প্রধানমন্ত্রী। সেখানে তরুণদের তৈরি পরিবেশবান্ধব ‘কাগজের কলম’ (পেপার পেন রেভোলিউশন) দেখে তিনি সন্তোষ প্রকাশ করেন।

সংগঠনটির নির্বাহী পরিচালক আহসান রনি জানান, প্রধানমন্ত্রী কাগজের কলমটি পছন্দ করে সরকারি অফিস-আদালতে ব্যবহৃত প্লাস্টিকের কলমের পরিবর্তে পরিবেশবান্ধব এ কলম ব্যবহারের জন্য তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন।

তিনি আরো জানান, বর্জ্যকে সম্পদে রূপান্তরের লক্ষ্যে সংগঠনটির ‘ভাংরি মামা’ উদ্যোগেরও প্রশংসা করেন প্রধানমন্ত্রী।

পরিবেশবাদী সংগঠনগুলোর স্টল ঘুরে দেখার পর বিভিন্ন নার্সারির স্টলও পরিদর্শন করেন প্রধানমন্ত্রী।

একটি নার্সারির সাজসজ্জা দেখে তাৎক্ষণিকভাবে তিনি বলেন, ‘বাহ! আপনি তো দারুণ সাজিয়েছেন।’

এ সময় তিনি জানতে চান, গাছগুলো শুধু মেলা উপলক্ষে এভাবে সাজানো হয়েছে, নাকি নার্সারিতেও একই পরিবেশ বজায় রাখা হয়। জবাবে সংশ্লিষ্টরা জানান, সাভারের আশুলিয়ায় তাদের মূল নার্সারিটিও একইভাবে সাজানো-গোছানো।

এ কথা শুনে প্রধানমন্ত্রী তাদের ধন্যবাদ জানান।

প্রধানমন্ত্রী মেলা প্রাঙ্গণ ত্যাগ করার পরও তার এ সফর স্বেচ্ছাসেবক, নার্সারি মালিক ও পরিবেশকর্মীদের মধ্যে উৎসাহ সৃষ্টি করে। মেলায় অংশ নেয়া তরুণদের মতে, দেশের সর্বোচ্চ নেতৃত্ব যখন পরিবেশ সংরক্ষণে এমন আগ্রহ ও উৎসাহ দেখান, তখন এ আন্দোলন আরো শক্তিশালী হয়।

সূত্র : ইউএনবি