ভালো আচরণ প্রদর্শনের মাধ্যমে পুলিশী সেবা নিশ্চিত করার নির্দেশ আইজিপির

আইজিপি প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে নৌ পুলিশের সক্ষমতা আরো বৃদ্ধি করা এবং জনগণের সেবা সুনিশ্চিত করার জন্য দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

নয়া দিগন্ত অনলাইন
মো: আলী হোসেন ফকির
মো: আলী হোসেন ফকির |সংগৃহীত

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো: আলী হোসেন ফকির জনগণের প্রতি ভালো আচরণ প্রদর্শনের মাধ্যমে পুলিশী সেবা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন।

বৃহস্পতিবার (৪ জুন) ঢাকার নৌ পুলিশ সদরদফতর পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন। আইজিপি নৌ পুলিশ সদরদফতরে পৌঁছালে তাকে নৌ পুলিশের অতিরিক্ত আইজিপি মো: রেজাউল করিম শুভেচ্ছা জানান। পরে তিনি শীর্ষ কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় অংশ নেন।

এ সময় তিনি বিগত ঈদুল আজহায় নৌপথে চলাচলরত যাত্রীদের নিরাপত্তায় নৌ পুলিশের সরব উপস্থিতি ও দায়িত্ব পালনের ভূয়সী প্রশংসা করেন। এছাড়াও দেশের নদীপথের সার্বিক নিরাপত্তা, জলজ-সম্পদ রক্ষা, ইলিশ ও অন্যান্য মৎস্য সম্পদ সংরক্ষণ এবং জলদস্যুতা দমনে নৌ পুলিশের ভূমিকার প্রশংসা করেন।

তিনি প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে নৌ পুলিশের সক্ষমতা আরো বৃদ্ধি করা এবং জনগণের সেবা সুনিশ্চিত করার জন্য দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

অনুষ্ঠানে পুলিশ সদরদফতরের অতিরিক্ত আইজিপি (অ্যাডমিন) এ কে এম আওলাদ হোসেন, অতিরিক্ত আইজিপি (অর্থায়ন) মো: আকরাম হোসেন, এসবি প্রধান অতিরিক্ত আইজিপি সরদার নুরুল আমিন, অতিরিক্ত ডিআইজি (ওয়েলফেয়ার ট্রাস্ট) আহম্মদ মঈদসহ নৌ পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বাসস