ঢাকার কেরানীগঞ্জে কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে মোহাম্মদ বাবুল হোসেন (৪৫) নামের এক হাজতির মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে কারাগারে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরে কারারক্ষীরা তাকে অচেতন অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে সকাল সাড়ে ৯টায় কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কারারক্ষী মোহাম্মদ রাসেল বলেন, কেন্দ্রীয় কারাগারে বাবুল হোসেন অসুস্থ হয়ে পড়লে কারা কর্তৃপক্ষের নির্দেশে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বাবুল হোসেন যশোর জেলার কোতোয়ালি থানার মনোহরপুর গ্রামে মরহুম আব্দুল মজিদের ছেলে।
তবে তিনি কী মামলায় বন্দী ছিলেন, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানাতে পারেননি কারারক্ষী মোহাম্মদ রাসেল।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোহাম্মদ ফারুক জানান, লাশ ময়নাতদন্তে জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সুরতহাল প্রতিবেদনর শেষে ময়নাতদন্ত সম্পন্ন করা হবে। ময়নাতদন্তের শেষে লাশ পরিবারে কাছে হস্তান্তর করা হবে।



