ইবতেদায়ী মাদরাসা জাতীয়করণের দাবিতে শিক্ষক ফেডারেশনের ধর্মঘট

নয়া দিগন্ত ডিজিটাল
  • আরমান হোসাইন

স্বীকৃতপ্রাপ্ত সকল স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা জাতীয়করণের দাবিতে রোববার জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান ধর্মঘট করেছে অনুদানবিহীন স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষক ফেডারেশন।

ফেডারেশনের সভাপতি রবিউল ইসলামের সভাপতিত্বে ও সদস্য সচিব মো: ফরিদের সঞ্চালনায় ধর্মঘটে উপস্থিত ছিলেন, মাইদুল ইসলাম, মোসাদ্দেক হোসেন, আল আমিন, ওয়াফেত উল্লাহ, নুরুল হকসহ আরও অনেকে।

বেলা ১১টায় শুরু হওয়া এ কর্মসূচিতে শিক্ষক ফেডারেশনের সভাপতি ও নীলফামারী সদর উপজেলার হাজি জফুর আলী মাদরাসার অধ্যক্ষ রবিউল ইসলাম বলেন, ১৯৭৮ সালের অর্ডিনেন্স অনুযায়ী ১৯৮৪ সালে প্রায় ১৮ হাজার স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসার স্বীকৃতি দেন তৎকালীন প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া। তখন থেকে শিক্ষকদের ৫০০ টাকা করে ভাতা দেয়া হয়।

তিনি আরো বলেন, রেজিস্ট্রেশন প্রাপ্ত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বেতন বৃদ্ধি করতে করতে এক পর্যায়ে ২৬ হাজার ১৯৩ বিদ্যালয় জাতীয়করণ করা হয়। তবে দু:খের বিষয় বিগত সরকার একটি স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসাও জাতীয়করণ কিংবা এমপিওভুক্ত করার উদ্যোগ নেয়নি। যা মাদরাসা শিক্ষার প্রতি এক ধরনের বৈষম্য।

সরকারের প্রতি দাবি মানার আহ্বান জানিয়ে বক্তারা দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। এ জন্য শিক্ষামন্ত্রণালয় অভিমুখে লংমার্চ কর্মসূচি ঘোষণার কথা জানান তারা।

প্রতিবেদক: নয়া দিগন্তের ইন্টার্ন শিক্ষার্থী।