অর্থ ও পরিকল্পনামন্ত্রী এবং বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বাংলাদেশ যতবার হোঁচট খেয়েছে, বিএনপি বারবার দেশকে সেই সঙ্কট থেকে উদ্ধার করেছে। বিগত ফ্যাসিবাদী সরকার ও পরবর্তী অন্তর্বর্তীকালীন সরকার দেশকে যে গভীর সঙ্কটে রেখে গেছে। এ জন্য কিছুটা সময় লাগলেও বিএনপিই দেশকে এই সঙ্কট থেকে বের করে আনতে পারবে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশের মানুষের স্বপ্ন বাস্তবায়নে কাজ চলছে। তাই আগামীর উন্নয়নে যারা বাধা সৃষ্টি করবে জনগণ তাদের ক্ষমা করবে না। অনেক ত্যাগের বিনিময়ে দেশে একটি নির্বাচিত সরকার ও সংসদ প্রতিষ্ঠিত হয়েছে। জনগণের প্রত্যাশা ও আকাঙ্ক্ষা পূরণ করাই এই সরকারের প্রধান দায়িত্ব। সবাইকে ধৈর্য ধারণ করে সরকারকে সহযোগিতা করতে হবে।
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) নগরীর পুরাতন রেলওয়ে স্টেশন চত্বরে চট্টগ্রাম মহানগর বিএনপির র্যালিপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আমির খসরু চৌধুরী বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমাদের রাজনৈতিক শৃঙ্খলা, দেশপ্রেম, স্বাধীনতা ও সার্বভৌমত্বের শিক্ষা দিয়েছেন। তিনি একইসাথে উন্নয়ন ও উৎপাদনের রাজনীতির মাধ্যমে সবাইকে নিয়ে দেশ গড়ার পথ দেখিয়েছেন। শহীদ জিয়া যে ভিত্তির ওপর বাংলাদেশকে দাঁড় করিয়েছিলেন, তার ওপরই এখনো দেশ এগিয়ে যাচ্ছে।
তিনি আরো বলেন, বেগম খালেদা জিয়া নিজের জীবন দিয়ে আমাদের যে শিক্ষা দিয়ে গেছেন, তা আমাদের জন্য অনুকরণীয়। তার সাথে দেশের জন্য হাজারো নেতাকর্মী প্রাণ দিয়েছেন, অনেকে কারাবরণ করেছেন ও পঙ্গুত্ব বরণ করেছেন। এই ত্যাগ থেকে আমাদের দেশ গড়ার শিক্ষা নিতে হবে।
সমাবেশ শেষে পুরাতন রেলওয়ে স্টেশন চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে লালদিঘী মোড়ে গিয়ে শেষ হয়।
সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক মাহবুবের রহমান শামীম, ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।
অর্থমন্ত্রী বলেন, রাজনৈতিক ও অর্থনৈতিক সঙ্কটের এমন সময়ে বড় বাজেট দেয়ার সাহস কোনো দলের নেই। কিন্তু তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সেই সাহসী ভূমিকা নিয়েছে। সেই বাজেট আমরা পরিপূর্ণভাবে বাস্তবায়ন করব ইনশাআল্লাহ।
মাদক, চাঁদাবাজি ও দখলদারির বিরুদ্ধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, এলাকায় কারা মাদকের ব্যবসা করে, কারা চাঁদাবাজি ও দখলদারিতে জড়িত—তা স্থানীয় মানুষ জানেন। এসব অপরাধের সাথে জড়িতদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দিতে হবে। যারা রাজনৈতিক কর্মকাণ্ডের নামে দেশের শৃঙ্খলা ভঙ্গ ও সরকারি কর্মকাণ্ডে বাধা সৃষ্টি করবে, তাদের প্রতিও তীক্ষ্ণ নজর রাখতে হবে।
সমাবেশে সভাপতিত্ব করেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ এমপি সঞ্চালনা করেন সদস্য সচিব নাজিমুর রহমান। বাসস



